প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় এবার ইডি এবং সিবিআই’কে যৌথ তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চোদ্দ সালে টেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২০ সালে প্রাথমিকে নিয়োগের তালিকা প্রকাশিত হয়েছিল। তাতে নিয়ম মেনে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল কিনা, তা দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আসন্ন ২০ এপ্রিল এই মামলায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, আমরা আদালতে প্রমাণ করে দিয়েছি ২০২০ সালের প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় কী ভাবে বহু প্রার্থী সর্বোচ্চ নম্বরের থেকেও বেশি নম্বর পেয়েছেন।
পরবর্তীতেই সিবিআই ও ইডিকে এই দুর্নীতির তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৪৮ ঘণ্টার মধ্যে মানিক ভট্টাচার্য-সহ সেই সময়কার অ্যাডহক কমিটির সমস্ত সদস্যকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশদান তাঁর।







