চব্বিশের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট শুরু হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি। ঘড়িতে ভোর সাড়ে ৫ টা। আর তখন থেকেই রাস্তায় বেরিয়ে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচার ব্যবস্থার জীবন থেকে অবসরের পর এই প্রথম রাজনীতির ময়দানে পা রেখেছেন এবং নির্বাচনে লড়ছেন। সাত সকালেই ছুটলেন হলদিয়া। অভিযোগ তুললেন পুলিশি সন্ত্রাসের।
এইদিন সকালে বেরিয়েই তিনি অভিযোগ তুলে বলেন, নন্দীগ্রামে পুলিশ ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে। তিনি এও দাবি করেন যে, বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। অভিজিৎ বলেন, ‘‘গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ৩-৪ হাজার পুলিশ গাড়ি নিয়ে ঢুকেছিল এলাকায়। অবজারভারের কাছে জানানোর অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মী ও সমর্থকেরা বাড়ি থেকে পালিয়ে মাঠে-ঘাটে লুকিয়ে ছিলেন। যেখানে জানানোর সেখানে অভিযোগ জানিয়েছি।”
এরপর তিনি সোজা চলে যান হলদিয়ায়। ২০৮ নম্বর বুথে গিয়ে তিনি বলেন, ‘‘এজেন্ট বসতে দিচ্ছে না। তাই আমাকে আসতে হয়েছে।” অভিযোগ করে তিনি বলেন, বিজেপির মহিলা এজেন্টকে বসতে দেওয়া হয়নি। প্রিসাইডিং অফিসারের সঙ্গে তিনি কথা বলেন এই বিষয়ে এবং তারপর তাকে বসতে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী কি করেছিল এই প্রশ্ন শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি।”







