রাজ্যে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের বয়স এখনও মাত্র দু’মাস। তার মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে ১৫ দফা অভিযোগের তালিকা প্রকাশ করেন। কটাক্ষ করে লেখেন, “বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারের মাত্র দু’মাসের ১৫টি ‘সাফল্য’।”
অভিষেকের এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে। সেই আবহেই অভিষেকের এই আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
পোস্টের শুরুতেই অভিষেক অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের দলত্যাগে বাধ্য করার চেষ্টা করছে। পাশাপাশি তাঁর দাবি, বিধানসভায় এমন একজনকে বিরোধী দলনেতা করা হয়েছে, যিনি স্বাধীনভাবে নয়, বিজেপির নির্দেশ মেনেই কাজ করছেন। এছাড়াও তৃণমূলকে আর্থিকভাবে চাপে ফেলতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এর পাশাপাশি ‘বুলডোজার রাজনীতি’ নিয়েও সরব হয়েছেন অভিষেক। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হকার ও প্রান্তিক মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, যার ফলে বহু মানুষ জীবিকা হারাচ্ছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্যের মিড-ডে মিল প্রকল্প থেকে ডিম তুলে দিয়ে শিশুদের নিরামিষ খাবার দেওয়া হচ্ছে। এতে শিশুদের প্রয়োজনীয় প্রোটিন থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিষেক আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, সরকারপন্থীদের নিরাপত্তা দেওয়া হলেও বিরোধীদের নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি সিআইডি, ইডি, এসটিএফ এবং সিবিআইয়ের মাধ্যমে বিরোধী নেতাদের বিরুদ্ধে তল্লাশি ও নোটিশ পাঠানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
দিল্লিকেও নিশানা করে অভিষেক লেখেন, কেন্দ্রের নির্দেশেই সলিসিটর জেনারেল পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে আদালতে সওয়াল করছেন এবং বারবার মামলার স্থগিতাদেশের আবেদন জানানো হচ্ছে, যাতে বিরোধীরা আদালত থেকে কোনও অন্তর্বর্তী স্বস্তি না পান। তাঁর প্রশ্ন, “মানুষের রায় নিয়ে যদি বিজেপি ক্ষমতায় এসে থাকে, তাহলে বিরোধী দল ও তৃণমূলকে এত ভয় কিসের?”
রাজ্য সরকারের দু’মাস পূর্তির প্রেক্ষাপটে অভিষেকের এই ১৫ দফা অভিযোগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, ক্ষমতা হারানোর পরেও তৃণমূল যে রাজ্যের বিরোধী রাজনীতিতে আক্রমণাত্মক অবস্থান বজায় রাখতে চাইছে, অভিষেকের এই পোস্ট তারই স্পষ্ট ইঙ্গিত। এখন বিজেপি এই অভিযোগগুলির কী জবাব দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







