রাজ্য

বারুইপুরে নির্যাতিতার পরিবারের পাশে ঋতব্রত তৃণমূল, মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানালেন কাকলি

সোমবার কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল বারুইপুরে যাওয়ার পর মঙ্গলবার সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছল ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি দল। দলে ছিলেন সাংসদ সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার এবং সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ‘বিদ্রোহী’ শিবিরে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বারুইপুরে পৌঁছনোর পর প্রথমে পুলিশের বাধার মুখে পড়তে হয় প্রতিনিধি দলকে। পরে অনুমতি মিললে তাঁরা নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কিশোরীর বাবার সঙ্গেও তাঁদের দীর্ঘ আলোচনা হয়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা এসেছি। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের নৃশংস অপরাধ আর না ঘটে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করতে হবে।”

এদিন কাকলি ঘোষ দস্তিদার রাজ্য সরকারের প্রস্তাবিত ‘অপরাজিতা বিল’ দ্রুত কার্যকর করার দাবিও তোলেন। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ ও খুনের মতো অপরাধের বিরুদ্ধে আরও কঠোর আইন আনার ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর মাসে ‘অপরাজিতা বিল ২০২৪’ বিধানসভায় পাশ হলেও রাজ্যপালের অনুমোদন না মেলায় এখনও তা কার্যকর হয়নি।

প্রসঙ্গত, রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর অভিযোগ, কালীঘাটের বাসভবন পুলিশ ঘিরে রাখায় তিনি কার্যত ‘গৃহবন্দি’ ছিলেন। সেই অভিযোগ তিনি ফেসবুক লাইভে তুলে ধরেন। এরপর সোমবার কালীঘাট তৃণমূলের প্রতিনিধি হিসেবে দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার সেখানে পৌঁছল ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিরাও।

অন্যদিকে মঙ্গলবার সকালেই বিজেপির প্রতিনিধি দলও নির্যাতিতার বাড়িতে যায়। প্রতিনিধি দলে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও লকেট চট্টোপাধ্যায়। তাঁরা পরিবারের সদস্যদের আশ্বস্ত করে জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মঙ্গলবারই ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন। নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলার পাশাপাশি জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে তদন্তের অগ্রগতিও খতিয়ে দেখবেন তিনি।

উল্লেখ্য, শনিবার থেকে নিখোঁজ থাকা নাবালিকার বস্তাবন্দি দেহ রবিবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হয়। ধর্ষণের পর খুনের অভিযোগকে কেন্দ্র করে সেদিন দেহ আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.