তিন বছরের মধ্যে তিনটি বিয়ে, অথচ কোনও স্ত্রীর সঙ্গেই আইন মেনে বিচ্ছেদ হয়নি—এমনই চাঞ্চল্যকর অভিযোগে বিহারের গোপালগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার হলেন এক যুবক। অভিযুক্তের নাম পিন্টু বার্নওয়াল। তাঁর বিরুদ্ধে একাধিক স্ত্রী পণ দাবি, মারধর ও গার্হস্থ্য হিংসার গুরুতর অভিযোগ এনেছেন। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্টুর প্রথম বিয়ে হয় ২০২২ সালে খুশবু নামে এক মহিলার সঙ্গে। খুশবুর অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য চাপ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তাঁর পরিবার তিন লক্ষ টাকা নগদ, ২০ গ্রাম সোনার হার এবং ১৫ গ্রাম সোনার আংটি-সহ একাধিক সামগ্রী পিন্টুকে দেয়। তবুও নির্যাতন বন্ধ হয়নি। নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হতে থাকেন তিনি। এক সময় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
পরবর্তীতে খুশবু জানতে পারেন, তাঁকে আইনিভাবে তালাক না দিয়েই পিন্টু দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীও একই ধরনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, পাঁচ লক্ষ টাকা ও একটি গাড়ির দাবিতে তাঁর উপর লাগাতার অত্যাচার করা হয়। পণ দিতে অস্বীকার করায় তাঁকেও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাঁর অভিযোগও, কোনও আইনসিদ্ধ বিচ্ছেদ ছাড়াই তৃতীয় বিয়ে করেছেন পিন্টু।
এই অভিযোগগুলির ভিত্তিতে গার্হস্থ্য হিংসা আইনে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন পিন্টু বার্নওয়াল। তাঁর দাবি, পরিস্থিতির চাপে বাধ্য হয়েই তিনি একাধিকবার বিয়ে করেছেন। নিজের সাফাই দিতে গিয়ে তিনি বলেন, “আমার মা ষাট বছরের বৃদ্ধা। প্রথম ও দ্বিতীয় স্ত্রী কেউই রান্না করত না। আমি আর মা মিলে ওদের খাইয়েছি।” এমনকি, প্রথম স্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও তুলেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগগুলির সত্যতা যাচাই করে তদন্ত চলছে। সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।







