অনলাইন গেম ও বেটিংয়ের নেশা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, ফের তারই মর্মান্তিক নজির সামনে এল তেলঙ্গানায়। সঙ্গারেড্ডি জেলার কান্দুকুরে অনলাইন বেটিংয়ে বিপুল অর্থ খুইয়ে আত্মঘাতী হলেন এক তরুণ। মৃতের নাম বিক্রম। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অনলাইন বেটিংয়ে আসক্ত ছিলেন তিনি।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত প্রায় দু’বছর ধরে নিয়মিত অনলাইনে বেটিং করতেন বিক্রম। সাম্প্রতিক সময়ে তিনি প্রায় এক লক্ষ টাকা হারান। এই ক্ষতির পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের দাবি, টাকা হারানোর বিষয়টি নিয়ে দিনকয়েক ধরেই চরম উদ্বেগে ভুগছিলেন বিক্রম। স্থানীয় সূত্রের খবর, অনলাইন গেম ও বেটিংয়ের অভ্যাসের জেরে তাঁর ধারদেনা ক্রমশ বেড়ে যাচ্ছিল। কখনও বন্ধু, কখনও আত্মীয়দের কাছ থেকে টাকা ধার নিতে হচ্ছিল তাঁকে।
পুলিশ জানিয়েছে, ধার শোধের জন্য চাপ বাড়ছিল বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে বিক্রম গভীর অবসাদে চলে যান। বৃহস্পতিবার তাঁকে বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখযোগ্য ভাবে, দিনকয়েক আগেই হায়দরাবাদে অনলাইন বেটিংয়ে সর্বস্বান্ত হয়ে এক ট্যাক্সিচালকের আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ, একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই অর্থ বেটিংয়ে খরচ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত বিষ খেয়ে আত্মঘাতী হন ওই ট্যাক্সিচালক।
পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসন ও সমাজের বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের মতে, অনলাইন বেটিং ও গেমিং আসক্তির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা জরুরি, নচেৎ এমন মর্মান্তিক ঘটনা আরও বাড়তে পারে।







