দক্ষিণ দিনাজপুরঃ শীতের আমেজ পড়তেই আবারও বাঙালির রসনা তৃপ্তির উৎসব—নলেন গুড়। দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যেই কনকনে ঠান্ডার দাপট শুরু হয়েছে। আর শীত মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে–পুলির প্রস্তুতি। সেই পিঠে–পুলির আসল প্রাণ যে নলেন গুড়, তা নিয়ে ব্যবসায় নতুন করে চাঙ্গা হয়েছেন জেলার গুড় প্রস্তুতকারীরা।
হরিরামপুর ব্লকের বরভিটা গ্রামের সুরেশ সরকার বছরের পর বছর ধরে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি নলেন গুড় তৈরি করছেন। বয়স পেরিয়েছে পঞ্চাশ, কিন্তু এখনও আট বছর ধরে তাঁর এই পেশা নিরবচ্ছিন্ন। প্রতি বছরই তিনি ১৪–১৫টি খেজুরগাছ কিনে নেন। রস সংগ্রহের পর গাছকে সাতদিন ‘শুকি’ দেওয়ার পদ্ধতিও মেনে চলেন তিনি। কারণ, শুকি না দিলে রসের স্বাদ ঠিক থাকে না, আর রস ভালো না হলে নলেন গুড়ের আসল সুবাসও মিলবে না।
সুরেশবাবুর সঙ্গে এই কাজে হাত লাগান তাঁর দুই ছেলে—উত্তম ও শুভ। তৈরি হওয়া গুড় বাজারজাত হয় সরাইহাট, হরিরামপুর হাট, পাতিরাজ হাটসহ আশপাশের বিভিন্ন হাটে। দাম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। যদিও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় এই দাম ব্যবসায়ীদের মতে যথেষ্ট নয়। করোনা মহামারীর সময় ব্যবসায় ভাটা পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ক্রেতাদের ভিড় বাড়ছে।
স্থানীয় বাসিন্দা বিমান হালদারের কথায়, “সুরেশবাবুর নলেন গুড়ের নাম রয়েছে এলাকায়। দূরদূরান্ত থেকে মানুষ আসেন তাঁর বাড়ি থেকে গুড় কিনতে।”
এদিকে উত্তুরে হাওয়ার দাপটে উত্তরবঙ্গজুড়ে নেমেছে কনকনে ঠান্ডা। দক্ষিণ দিনাজপুরেও ঠান্ডার কামড়ে নাজেহাল আবালবৃদ্ধবনিতা। শীতের এই তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নলেন গুড়ের চাহিদা আরও বাড়বে বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।







