ভরতপুর: মুর্শিদাবাদের তৃণমূল (TMC) রাজনীতিতে শুরু হয়েছে প্রকাশ্য সংঘাত। দলের জেলা নেতৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে মাত্র ২৪ ঘণ্টার মাথায় এবার পাল্টা চ্যালেঞ্জের মুখে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁরই বিধানসভা এলাকার তৃণমূল ব্লক সভাপতি মাহে আলম শুক্রবার সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন,
“তৃণমূলের প্রতীক চিহ্ন ছাড়া অন্য প্রতিকে লড়ে দেখান। দেখি কীভাবে জেতেন!”
বৃহস্পতিবার হুমায়ুন কবীরের বিস্ফোরক মন্তব্যেই প্রথমে উত্তেজনা ছড়ায় জেলার রাজনীতিতে। তিনি বলেছিলেন,
“আমাকে দল থেকে বের করে দেখাক না! মুর্শিদাবাদে তৃণমূলের আসন সংখ্যা ২০ থেকে ১০-এ নামাব!”
এরপরই শুক্রবার মাহে আলমের পাল্টা মন্তব্যে আরও ঘনীভূত হল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব।
মাহে আলমের অভিযোগ,
“হুমায়ুন কবীর দলের বিধায়ক হয়েও দিন দিন দলবিরোধী কাজ করছেন। উন্নয়ন নিয়ে কোনও কাজ নেই, বরং নানা উল্টোপাল্টা মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করছেন।”
তিনি আরও দাবি করেন, মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটার সংখ্যা প্রায় ৭২ শতাংশ, এবং আজও তারা তৃণমূলের সঙ্গে আছেন। কিন্তু হুমায়ুনের কার্যকলাপে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। “ওঁর কথায় এখন বিজেপি, সিপিএম, কংগ্রেস— সবাই হাততালি দিচ্ছে,” কটাক্ষ মাহে আলমের।
সবচেয়ে গুরুতর অভিযোগ, হুমায়ুন কবীর নাকি মিম (MIM) ও আইএসএফ (ISF)-এর সঙ্গে যোগাযোগ রেখে গোপনে বৈঠক করছেন— যা সরাসরি দলবিরোধী পদক্ষেপ বলে দাবি করেন ব্লক সভাপতি।
প্রসঙ্গত, শুক্রবারই হুমায়ুন কবীর ফের বিস্ফোরক মন্তব্য করেন,
“বিজেপি, কংগ্রেস বা সিপিএম নয়, তৃণমূলের সবচেয়ে বড় শত্রু তৃণমূলই।”
তিনি আরও অভিযোগ করেন, জেলা সভাপতি অপূর্ব সরকার নাকি ইডির মাধ্যমে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করিয়েছেন।
এই মন্তব্য ও অভিযোগের পর রাজনৈতিক মহলে জল্পনা—
দলের ভাবমূর্তি নষ্ট করে চলা হুমায়ুন কবীরের বিরুদ্ধে এবার কি শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নেবে?
নাকি মুর্শিদাবাদের রাজনীতিতে আরও একবার প্রকাশ্যে ফেটে পড়বে গোষ্ঠীদ্বন্দ্বের আগুন?
রাজনৈতিক মহলের মতে, হুমায়ুন বনাম তৃণমূল জেলা নেতৃত্ব— এই সংঘাত এখন আর শুধু স্থানীয় নয়, রাজ্য রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।







