নয়া চাল কেষ্টর! একদিকে দিল্লির আদালতে কপিল সিব্বালকে দিয়ে আবেদন করানো, অপরদিকে, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লির আদালতে আবেদন করা হয়েছে, রাজ্যের ঘটনা তদন্ত করতে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন নয়াদিল্লিতে নিয়ে যেতে চাইছে অনুব্রত মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে ইডির করা মামলার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে গেলেন অনুব্রত। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে। আসন্ন ২ ডিসেম্বর উক্ত মামলার শুনানি।
অনুব্রতর দাবি, গরু পাচার সংক্রান্ত সমস্ত ঘটনা ঘটেছে বাংলায়। তাহলে খামোখা দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ কেন? সংশ্লিষ্ট প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের জেলা সভাপতি। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ও সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ টানা হয়েছে। অভিষেকের আর্জির প্রেক্ষিতে আদালত জানিয়েছিল, দিল্লি নয়, জেরা করা হোক কলকাতাতেই।
প্রসঙ্গত, গত ১১ অগস্ট বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই হেফাজত শেষের পর থেকে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। ইতিমধ্যে প্রায় একশো দিন পেরিয়ে গিয়েছে। তবে বারংবার জামিনের আবেদন করলেও তা না-মঞ্জুর করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।







