কলকাতারাজনীতি

হাই কোর্টে বড় ধাক্কা শুভেন্দুর, তিন বছর পর রক্ষাকবচ প্রত্যাহার — সিট গঠনের নির্দেশ, পাল্টা দাবি ‘আমারই জয়’

কলকাতা, ২৫ অক্টোবর — তিন বছর আগে কলকাতা হাই কোর্টের দেওয়া আইনি রক্ষাকবচ অবশেষে প্রত্যাহার করে নেওয়া হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়ে দেয়, অনির্দিষ্টকাল ধরে রক্ষাকবচ বহাল থাকতে পারে না। এর ফলে এখন থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের বা নতুন মামলায় তদন্তে আর কোনও বাধা থাকছে না। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে থাকা চারটি মামলায় রাজ্য সরকার ও সিবিআইকে নিয়ে ১২ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হবে। এই টিমে থাকবে ৬ জন সিবিআই আধিকারিক ও ৬ জন রাজ্য পুলিশের আধিকারিক, নেতৃত্ব দেবেন এসপি পদমর্যাদার এক আধিকারিক।

তবে আদালতের এই রায়কে নিজের জয় বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার হাওড়ায় এক কর্মসূচিতে তিনি বলেন, “আমার বিরুদ্ধে জেহাদি সরকার যতগুলো মিথ্যে মামলা দিয়েছিল, আদালত সব স্থগিত করেছে। খুন, হামলা, চাকরি দুর্নীতি – সব মিথ্যে অভিযোগ খারিজ হয়েছে। এই রায় আমার পক্ষেই।”

কিন্তু শুভেন্দুর এই দাবি উড়িয়ে কটাক্ষ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “তা হলে আগে রক্ষাকবচ পাওয়ার সময় এত আনন্দ করছিলেন কেন? এখন তো এফআইআর করা যাবে, তদন্ত হবে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনন্তকাল রক্ষাকবচ চলতে পারে না। রাজ্য সরকার ও শাসকদল যে বক্তব্য এতদিন ধরে রেখেছিল, আদালতের রায় সেটাকেই মান্যতা দিল।” শুভেন্দুকে উদ্দেশ্য করে কুণালের কটাক্ষ, “জোরকা ঝটকা, ধীরে সে লাগে।”

তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেন, “রক্ষাকবচ উঠে যাওয়ায় এখন তদন্তের পথ খুলে গেল। শুভেন্দুর মস্তানি বন্ধ হবে। চাকরি চুরিতে কত টাকা উঠেছিল, সব বেরোবে।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, “রক্ষাকবচ দেওয়া হল কেন, সেটাই আগে দেখা দরকার।”

উল্লেখ্য, ২০২২ সালে বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিলেন। নির্দেশ ছিল, আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও নতুন এফআইআর দায়ের করা যাবে না। পাশাপাশি, পুলিশের দায়ের করা ১৫টি এফআইআরের উপরও স্থগিতাদেশ ছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাই কোর্টে আবেদন জানায়।

শুক্রবার বিচারপতি সেনগুপ্ত জানান, আদালত ১৫টি পুরনো মামলা খারিজ করলেও পাঁচটি গুরুত্বপূর্ণ মামলায় — যার মধ্যে মানিকতলা থানার মামলা অন্যতম — সিবিআই ও রাজ্যের যৌথ তত্ত্বাবধানে তদন্ত চলবে। এছাড়া নন্দীগ্রাম, তমলুক ও কাঁথি থানার কয়েকটি মামলায় শুভেন্দু এখনও রক্ষাকবচের আবেদন করেননি। আদালত বলেছে, চাইলে তিনি তা আলাদাভাবে আবেদন করতে পারেন।

বিচারপতি আরও নির্দেশ দেন, বিরোধী দলনেতা বা তাঁর আইনজীবীদের এই বিষয়ে যদি কোনও বক্তব্য থাকে, তা আগামী সোমবারের মধ্যে লিখিতভাবে আদালতে জমা দিতে হবে।

বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে আদালতের এই রায়কে রাজ্য রাজনীতিতে বড় মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, হাই কোর্টের এই সিদ্ধান্ত শুভেন্দুর জন্য যেমন বড় আইনি চ্যালেঞ্জ, তেমনি তৃণমূলের জন্য রাজনৈতিক অস্ত্রও বটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.