প্রতি মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের শক্তি বৃদ্ধি হয়ে রুদ্ররূপ ধারণ করছে। আবহাওয়া দপ্তরের এই মুহূর্তের খবরে জানা যাচ্ছে , ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়। ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রেমাল।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়টি যত বেশিক্ষণ ধরে সমুদ্রের উপর থাকবে ততই তার শক্তি বৃদ্ধি পেতে থাকবে। বেলা ১ টা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। দিঘা থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান এই ঘূর্ণিঝড়ের। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়।
এর আগে গত শুক্রবার পর্যন্ত আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী জানা গিয়েছিল, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোনও উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে।
তবে এই মুহূর্তে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের জায়গা বদলে যাচ্ছে। জানা যাচ্ছে, বাংলাদেশের মঙ্গলার কাছে দক্ষিণ-পশ্চিমে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের মঙ্গলার থেকে পশ্চিমবঙ্গের গোসাবা থেকে নদী পথে দূরত্ব বেশি নয়। তাই ভীষণভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে গোসাবাতে। তবে তার জন্য র্যাপিড অ্যাকশন টিম থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি।







