খেলাধুলা

২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে পদক্ষেপ:অলিম্পিক পদকজয়ী গগন নারাং এনআরএআই নির্বাচনে, সহ-সভাপতি পদে নিশ্চিত হওয়ার সম্ভাবনা

ভারতের শুটিং ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, অলিম্পিকে পদকজয়ী গগন নারাং এবার যোগ দিচ্ছেন ভারতীয় শুটিং ফেডারেশনের (NRAI) প্রশাসনে। তাঁর তারকাখচিত ক্রীড়াজীবনযা বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের পদকে সজ্জিত।এবার প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে দেশের শুটিংয়ের ভবিষ্যৎ গড়বে।

আগামী ৪ ডিসেম্বর NRAI-এর নির্বাচনে গগন নারাং দুটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন জমা দিয়েছেন সভাপতি এবং সহ-সভাপতি। যদিও সভাপতি পদে বর্তমান কর্তা কালীকেশ নারায়ণ সিংহদেও-এর সঙ্গে তাঁর লড়াই হওয়ার কথা, তবে মনে করা হচ্ছে শেষ মুহূর্তে কোনো একজন সরে দাঁড়াবেন। ফেডারেশনের অভ্যন্তরের খবর অনুযায়ী, সহ-সভাপতি পদে গগন নারাংয়ের আসা প্রায় নিশ্চিত।গগন নারাংকে এই নির্বাচনে গুজরাটের প্রতিনিধি হিসেবে দেখা যাচ্ছে। তাঁর এই আগমনকে অনেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থায় প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে দেখছেন। বিশেষত, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্য সামনে রেখে শাসক দল ক্রীড়া প্রশাসনকে ঢেলে সাজাতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ফেডারেশনের মহাসচিবের পদটি প্রায় নিশ্চিত হতে চলেছে দীর্ঘদিনের কোচ এবং বর্তমানে যুগ্ম-সচিব পবন সিংয়ের জন্য। যেহেতু তাঁর বিরুদ্ধে আর কোনো মনোনয়ন জমা পড়েনি, তাই তাঁর পদপ্রাপ্তি সময়ের অপেক্ষা।পবন সিং গগন নারাংয়ের যোগদানের খবরকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “গগনের মতো একজন অলিম্পিক পদকজয়ী এবং অভিজ্ঞ মানুষ প্রশাসনে এলে তা ফেডারেশনের জন্য আশীর্বাদস্বরূপ। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি।” উল্লেখ্য, এই দুই অভিজ্ঞ ব্যক্তিত্বের হাত ধরেই ১৪ বছর আগে সফল শুটিং অ্যাকাডেমি ‘গানস ফর গ্লোরি’ প্রতিষ্ঠিত হয়েছিল। এবার জাতীয় পর্যায়ে তাঁদের এই জুটি ভারতীয় শুটিংকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিনা, সেটাই দেখার।

আগামী ২৮ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হবে। এরপরই ফেডারেশনের কোন পদে নির্বাচন হচ্ছে আর কোথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হচ্ছে, সেই চিত্র স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.