ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ না হলেও , ইতিমধ্যেই বাংলার বিধানসভা নির্বাচনকে ঘিরে , চরমে রাজনৈতিক উত্তাপ । আর এসবের মাঝেই , ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই , বড় সিদ্ধান্ত অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের । এখনই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানা গিয়েছে , ১ মার্চেই তারা বাংলায় চলে আসছে। দ্বিতীয় দফায়, ১০ মার্চ আরো কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় । জানা গিয়েছে , শাহের মন্ত্রক সব মিলিয়ে এখন আপাতত ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তে , ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও তুঙ্গে ।
বাংলায় ২৮ তারিখ , SIR প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে । তারপরেই কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে অনুমান । কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে , স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে বার্তা পাঠিয়ে জানিয়েছে , কমিশনের সঙ্গে আলোচনা করেই , বাংলায় এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
জানা গিয়েছে , মার্চ মাসের ১ তারিখ , বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে । যার মধ্যে সিআরপিএফ থাকবে ১১০ কোম্পানি , ৫৫ কোম্পানি বিএসএফ , ২১ কোম্পানি সিআইএসএফ , ২৭ কোম্পানি আইটিবিপি ও এসএসবি ২৭ কোম্পানি আসছে ।
১০ মার্চ , বাকি ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও চলে আসছে বাংলায় । এই ২৪০ কোম্পানির মধ্যে সিআরপিএফ থাকবে , ১২০ কোম্পানি , বিএসএফ থাকবে ৬৫ কোম্পানি, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি এবং ১৯ কোম্পানি এসএসবি থাকবে। জানা গিয়েছে , রাজ্যে কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে , তা আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে , তবে আপাতত বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলবে ।
তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের এবিষয়ে মন্তব্য, “আজ মনে হচ্ছে, ভোট ঘোষণার ৫-৭ দিন আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কিন্তু, ভোট ঘোষণার এক ঘণ্টা আগেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অধিকার নেই। কারণ, আজকে ১৫ দিন আগে আনছে। এরপর ২ বছর আগে আনবে। বলবে, এলাকা নিয়ন্ত্রণের জন্য। মানুষের মধ্যে বিশ্বাসবোধ জাগানোর জন্য। নির্বাচন কমিশন বললেই তো হল না। রাজ্যের অধিকার রয়েছে। এসব জলাঞ্জলি দিয়ে বিজেপির নির্দেশে এসব হচ্ছে।”
তবে পাল্টা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানান, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার যা অবস্থা, প্রত্যেকে ভয়ের মধ্যে রয়েছেন। যে সরকার এসআইআর শেষ করাতে পারেনি। রাজ্যের অসহযোগিতার জন্য তথ্য যাচাই বাকি রয়েছে। গ্রামের মানুষ ভয়ের মধ্যে রয়েছেন। সবাই বলছে, কেন্দ্রীয় বাহিনী চাই। না হলে ভোট হবে না। সেই পরিস্থিতিতে এই সরকারের উপর রাজ্যবাসীরই ভরসা নেই। তাই, ভোট যদি করাতে হয়, মানুষের বিশ্বাস যদি বাড়াতে হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আর আগামী তিন মাস যেন কেন্দ্রীয় বাহিনী থাকে এখানে। না হলে পশ্চিমবঙ্গের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।”







