জেলারাজনীতি

জঙ্গলমহলে প্রার্থী দেবে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চা, ঘোষণা ‘টাইগার’ জয়রাম মাহাতোর

পুরুলিয়া: কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তা সত্যি করলেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার (JLKRM) সুপ্রিমো ‘টাইগার’ জয়রাম মাহাতো। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের একাধিক আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন তিনি।

রবিবার পুরুলিয়ার জয়পুরের ফরেস্ট মোড়ের গোবিন্দ স্টেডিয়ামে দলের প্রথম রাজনৈতিক সমাবেশে উপস্থিত থেকে জয়রাম মাহাতো বলেন, “আমরা ২০২৬-এর নির্বাচনে জঙ্গলমহলের বিভিন্ন আসনে প্রার্থী দেব। কোথায় প্রার্থী দেব, তা নির্ভর করবে আমাদের চলমান সমীক্ষার উপর। রিপোর্ট হাতে পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

দলের সূত্রে খবর, পুরুলিয়ার জয়পুর এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে প্রার্থী দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

শুধু রাজনৈতিক লড়াই নয়, সামাজিক আন্দোলনের মঞ্চ হিসেবেও এদিনের সভা ছিল তাৎপর্যপূর্ণ। বৃহত্তর ঝাড়খণ্ড রাজ্য গঠনের দাবি তোলেন জয়রাম মাহাতো। বলেন, “জল, জঙ্গল, জমির অধিকার আদায় না হলে জঙ্গলমহলের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তাঁর এই বক্তব্যে আদিবাসী সমাজের একাংশে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

রাজনৈতিক মহলের মতে, একসময় শিবু সরেন ও অজিতপ্রসাদ মাহাতোর নেতৃত্বে বৃহত্তর ঝাড়খণ্ড আন্দোলন চালু থাকলেও, এখন সেই নেতৃত্বের অভাব দেখা দিয়েছে। সেই শূন্যস্থানেই উত্থান ঘটছে ‘টাইগার’ জয়রামের।

অতীতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিকাশ মোর্চা ও আজসু— একাধিক দলের হাত ধরে বৃহত্তর ঝাড়খণ্ডের দাবিতে আন্দোলন চালিয়েছিলেন অজিতপ্রসাদ মাহাতো। কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় তাঁর প্রতি আস্থা হারাচ্ছে কুড়মি-আদিবাসী সমাজের একাংশ। সেই জায়গাতেই দ্রুত জনপ্রিয়তা বাড়ছে জয়রাম মাহাতোর।

সভাস্থলে তাঁর জনপ্রিয়তার প্রমাণও মিলেছে। হাজারো সমর্থক তাঁকে কাঁধে তুলে মঞ্চে নিয়ে যান। শাসক দলকে আক্রমণ করে জয়রাম বলেন, “এক আঁখ মে কাজল, এক আঁখ মে সুরমা। একদিকে জঙ্গলমহল, আরেকদিকে বাংলার অন্য অংশ। কিন্তু জঙ্গলমহল বঞ্চিত। কেন এই বৈষম্য?”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গলমহলের জনজাতি অধ্যুষিত এলাকায় জয়রাম মাহাতোর প্রবল জনসমর্থন আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বৃহত্তর ঝাড়খণ্ডের দাবি ও আদিবাসী অধিকার— এই দুই ইস্যু ঘিরেই গড়ে উঠতে পারে জঙ্গলমহলের নতুন রাজনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.