নারদ কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারের ঘটনায় উঠে এল বিস্ফোরক তথ্য। মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের দাবি, তাঁকে তৃণমূল নেতাদের হেনস্থা করার জন্য “উচ্চমহল” থেকে চাপ দেওয়া হয়েছিল। একটি অডিও সাক্ষাৎকারে তিনি জানান, তিনি সেই নির্দেশ মানতে অস্বীকার করাতেই তাঁকে হঠাৎ বদলি করে দেওয়া হয়।
(অডিওর সত্যতা ‘সময় 365’ যাচাই করেনি।)
রঞ্জিত কুমারের অভিযোগ, নারদ টেপ-কাণ্ডের মূল সূত্রদাতা ম্যাথু সামুয়েল যে ভিডিও প্রমাণ দিয়েছিলেন, তা আসলে ভুয়ো। তাঁর দাবি, “যে ফোনে রেকর্ডিং করা হয়েছে বলে বলা হয়েছিল, সেটি তখন অ্যাপেলের সার্ভিস সেন্টারে ছিল। তাহলে রেকর্ডিংটা হল কীভাবে?” রঞ্জিত জানান, তিনি আসল মোবাইল ফোনটি চেয়েছিলেন, কিন্তু কখনও পাননি। “পেনড্রাইভে দেওয়া প্রমাণ তদন্তে গ্রাহ্য নয়। অথচ সেটাকেই প্রমাণ হিসেবে ধরা হল,” — এমনটাই বিস্ফোরক দাবি ওই আধিকারিকের।
২০২১ সালে এই মামলাতেই গ্রেফতার হন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পরে তাঁরা জামিন পান। কিন্তু রঞ্জিত কুমারের দাবি, “ওই চারজনকে গ্রেফতার করার মতো কোনও শক্ত প্রমাণই ছিল না।”
আরও বড় অভিযোগ তুলেছেন তিনি শুভেন্দু অধিকারীকে ঘিরে। রঞ্জিতের বক্তব্য, শুভেন্দু যখন তৃণমূলের ছিলেন, তখন তাঁকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু তিনি বিজেপিতে যোগ দিতেই উপরমহল থেকে নির্দেশ আসে — “ওকে আর স্পর্শ কোরো না।”
রঞ্জিত বলেন, “বিজেপি সরাসরি কিছু বলত না। তারা ডিরেক্টরকে বলত, ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টরকে, তিনি বলতেন এইচওবি-কে, তারপর সেই চাপ আসত আমার ওপর।”
এই চাপ তিনি মানতে রাজি না হওয়ায় তাঁকে বদলি করা হয় বলে দাবি রঞ্জিতের। “আমি কেস ডায়রিতে সব লিখে রেখেছিলাম — কোথায় কোথায় গলদ, কীভাবে প্রমাণ ভুয়ো। তার পরেই আমাকে কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়।”
উল্লেখ্য, নারদ কাণ্ডের পর থেকেই রাজ্যের শাসকদল সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, “তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেই সবাই নির্দোষ হয়ে যায়।” এবার সিবিআইয়ের এক প্রাক্তন আধিকারিকের মুখেই উঠে এল সেই অভিযোগের প্রতিধ্বনি।







