দলত্যাগী সাংসদদের বিষয়ে লোকসভার স্পিকারের সিদ্ধান্তের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে রাজি নয় তৃণমূল। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, একাধিক সাংসদ দল বদল করলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা নতুন রাজনৈতিক পরিচয় স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা চলছে। দ্রুত কোনও সিদ্ধান্ত না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এ দিন অভিষেকের নেতৃত্বে স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ-সহ দলের একাধিক প্রতিনিধি। বৈঠক শেষে অভিষেক জানান, গত ২২ ও ২৩ জুলাইও তৃণমূলের একটি প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছিল। কিন্তু তার পর প্রায় তিন সপ্তাহ হতে চললেও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তৃণমূলের দাবি, দলের কয়েকজন সাংসদ বর্তমানে নিজেদের NCPI-এর সাংসদ হিসেবে পরিচয় দিচ্ছেন। অথচ লোকসভার সরকারি নথিতে তাঁদের নামের পাশে এখনও AITC লেখা রয়েছে। এই পরিস্থিতিতে স্পিকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। অভিষেকের বক্তব্য, সংশ্লিষ্ট সাংসদরা তৃণমূলের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচনে জয়ী হয়েছিলেন। পরে তাঁরা অন্য রাজনৈতিক পরিচয়ের দাবি করলে তাঁদের সাংসদ পদ ও রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া স্পিকারের দায়িত্ব।
দলত্যাগ বিরোধী আইন নিয়েও সরব হয়েছে তৃণমূল। দলের দাবি, সংশ্লিষ্ট সাংসদদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রায় ২০টি পৃথক ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা পড়েছে। অভিষেকের অভিযোগ, গত জুন মাসে আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দলত্যাগ সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সময়সীমার মধ্যে সিদ্ধান্ত না এলে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল।
অভিষেকের মতে, এখন স্পিকারের সামনে মূলত দু’টি বিকল্প রয়েছে— সংশ্লিষ্ট সাংসদদের NCPI হিসেবে স্বীকৃতি দেওয়া অথবা দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা।
লোকসভায় ওই সাংসদদের বক্তব্যের সময় নামের পাশে AITC লেখা থাকায় আপত্তি জানিয়েছেন অভিষেক। তাঁর প্রশ্ন, সংশ্লিষ্ট সাংসদরা যদি নিজেদের অন্য দলের প্রতিনিধি হিসেবে দাবি করেন, তা হলে সরকারি নথিতে তাঁদের নামের পাশে এখনও তৃণমূলের পরিচয় কেন থাকবে?
বুধবারের বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের বিষয়টিও উত্থাপন করা হয়। অভিষেকের দাবি, বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। স্পিকার জানিয়েছেন, পরবর্তী অধিবেশন শুরুর আগে বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এখন দেখার, সেই সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় কি না। আর সিদ্ধান্ত না এলে তৃণমূল সত্যিই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







