বিনোদন

প্রথম ছমাসেই টলিউডে বাজিমাত ‘পুরাতন’-এর, ঋতুপর্ণার প্রযোজনায় কোটি টাকার ক্লাবে বাংলা সিনেমা

এই বছরের প্রথম ছমাসে বক্স অফিসে দাপট দেখাল একের পর এক বাংলা ছবি। বাণিজ্যিক সাফল্যের নিরিখে শীর্ষে রয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’, যা নিঃসন্দেহে বছরের ব্লকবাস্টার। পাশাপাশি সুপারহিটের তকমা পেয়েছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’। হিটের তালিকায় জায়গা করে নিয়েছে ‘পুরাতন’, ‘এই রাত তোমার আমার’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং ‘গৃহপ্রবেশ’।

জাতীয় স্তরের মাল্টিপ্লেক্সে এই ছবিগুলি ৫০ লাখের বেশি ব্যবসা করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’-এর ব্যানারে সুমন ঘোষের পরিচালনায় নির্মিত ‘পুরাতন’ ছবিটি বিশেষভাবে নজর কেড়েছে। এই ছবিই শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি। উল্লেখযোগ্য, সাতটি হিটের মধ্যে পাঁচটিই টলিপাড়ার বৃহত্তম দুই প্রযোজনা সংস্থার প্রযোজিত। এই প্রতিযোগিতার মাঝেই ঋতুপর্ণার সংস্থার ছবি কোটি টাকার ক্লাবে প্রবেশ করায় উচ্ছ্বাস টলিউডে।

অভিনেত্রী ও প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, বাংলা সিনেমার মানোন্নয়ন এবং দীর্ঘস্থায়ী প্রভাব তৈরিই তাঁর লক্ষ্য। তাঁর কথায়,”আমি সবসময় এমন ছবি তৈরি করতে চেয়েছি যা সময়ের পরীক্ষায় টিকে থাকবে, দর্শকের মনে জায়গা করে নেবে।” তাঁর প্রযোজিত ছবি ‘পুরাতন’ বাণিজ্যিকভাবে যেমন সফল, তেমনই বিষয়বস্তু ও গুণগত মানে সমালোচকদের প্রশংসা কুড়োচ্ছে।

৩০ বছরের অভিনয় জীবনে ঋতুপর্ণা যেমন নানারকম চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন, তেমন প্রযোজক হিসেবেও প্রমাণ করলেন, বাংলা সিনেমাকে বাণিজ্যিক ও শৈল্পিক দুই দিক থেকেই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। বিশিষ্টজনেরা বলছেন, ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা থেকে প্রতি বছর অন্তত একটি করে হিট ছবি পাওয়া এখন প্রত্যাশার মধ্যে থাকবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.