দেশ

ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার থেকে এক মহিলা সহ গ্রেফতার আরও ৪ জন

ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত রবীন্দ্র সাহানিকে গ্রেফতার করার পর তাকে জেরা করে এই ঘটনায় এক মহিলা সহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৫ জনই বিহারের বাসিন্দা। বিহারের বেগুসরাই, সমস্তিপুর প্রভৃতি এলাকায় বিহার পুলিশের এসটিএফের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ঘটনায় সমস্তিপুরের একটি সোনার দোকানের মালিককে খুঁজছে পুলিশ। ওই দোকানেই ডোমজুড় থেকে লুট করা সোনা গলানো হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ওই সোনার দোকানের মালিক বেপাত্তা হয়ে গেছে। এই সোনা গলানোর নেপথ্যে রয়েছে আশা দেবী। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ৫ জনকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসার ব্যবস্থা করছে পুলিশ। গত ১১ জুন ডোমজুড়ের একটি সোনার দোকানে দিনেদুপুরে প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না লুট করে সশস্ত্র দুস্কৃতিরা। ঘটনার তদন্তে নেমে বিহার-যোগের হদিশ পায় পুলিশ। তারপরই বিহার থেকে এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। রাজ্যে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনার পর ভবানী ভবনে বিভিন্ন জেলার পুলিশ সুপার ও কমিশনারেটগুলির পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। ওই বৈঠকে ডাকাতির ঘটনায় করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এডিজি আইন-শৃঙ্খলা। এরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। হাওড়া ডোমজুড়ে ডাকাতির ঘটনায় কিনারা করতে বিশেষ টিম গঠন করা হয়। সেই টি ম ভিন রাজ্য থেকে অপরাধীদের ধরতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.