পুলিশের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ সেই পুলিশের বিরুদ্ধেই উঠল ডাকাতির অভিযোগ! পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই চিনা নাগরিকের বাড়িতে পরপর ডাকাতির ঘটনায় চার পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উর্দি পরে বাড়িতে ঢুকে লুটপাট চালানোর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামাবাদের এফ-৭/১ সেক্টরের একটি বাড়িতে দুই চিনা নাগরিক ভাড়া থাকেন। অভিযোগ, গত ২৯ অগস্ট থেকে ওই বাড়িতে চারবার ডাকাতির ঘটনা ঘটে। পাশাপাশি, জি-১০/৪ সেক্টরে এক চিনা নাগরিকের বাড়িতে ডাকাতি করে ৮০ লক্ষ পাকিস্তানি রুপি লুটের অভিযোগও ওঠে। পরপর এমন ঘটনায় তদন্তে নামে পুলিশ।
তদন্তকারীদের দাবি, একটি ডাকাতির ঘটনায় রাত ২টো ২০ মিনিট নাগাদ পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। প্রথমে তিনি গৃহকর্মীদের থাকার জায়গায় যান। পরে জানলা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে দুই চিনা নাগরিককে বন্দুক দেখিয়ে জিম্মি করেন বলে অভিযোগ। এরপর ড্রয়িংরুমের আলমারি থেকে ২০ লক্ষ রুপি নগদ এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান অভিযুক্ত।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের শনাক্ত করেন তদন্তকারীরা। এরপরই চার পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়। ঘটনায় তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ইসলামাবাদে চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশকর্মীদের নাম জড়ানোর ঘটনা এই প্রথম নয়। গত সেপ্টেম্বরেও তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে সহযোগীদের সঙ্গে মিলে ডাকাতির চক্র চালানোর অভিযোগ উঠেছিল। ১৩ সেপ্টেম্বরের একটি ডাকাতির ঘটনার তদন্তে তাঁদের জড়িত থাকার বিষয়টি সামনে আসে বলে জানা গিয়েছে।
পরপর এমন ঘটনায় ইসলামাবাদে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আইনরক্ষকদের বিরুদ্ধেই অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠায় অস্বস্তিতে প্রশাসন।
।







