বিদেশ

ইসলামাবাদের শিয়া মসজিদে হামলা: ধৃত বেড়ে চার, ‘মূলচক্রী’ আফগান—তবু ভারতের দিকে আঙুল পাকিস্তানের

ইসলামাবাদের শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। মধ্যরাতের অভিযানে ধরা পড়েছে হামলার মূলচক্রীও—এমনই দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, অভিযুক্ত মূলচক্রী কোনও ভারতীয় নাগরিক নয়, সে আফগানিস্তানের বাসিন্দা।

মন্ত্রী নকভির দাবি, ধৃত ব্যক্তি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত ছিল। ইসলামাবাদের মসজিদে হামলার পর পেশোয়ার ও নৌসেরা এলাকায় চিরুনিতল্লাশি চালায় পাক নিরাপত্তা বাহিনী। সেই অভিযানেই হামলায় যুক্ত সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নকভি আরও জানান, অভিযানের সময় খাইবার পাখতুনখোয়া পুলিশের এক সাব-ইনস্পেক্টরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন পুলিশকর্মী। তাঁর দাবি, খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে বর্তমানে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই হামলার চক্রান্ত হয়েছে আফগানিস্তান থেকেই। তাঁর দাবি, আফগানিস্তানে সক্রিয় আইএস এই হামলার পরিকল্পনা করে। কী ভাবে হামলাকারী আফগানিস্তানে পৌঁছেছিল এবং সেখানে কী ভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে পাক বাহিনী।

তবে হামলার নেপথ্যে ভারতের ভূমিকা রয়েছে বলেও ফের অভিযোগ তুলেছেন নকভি। তাঁর বক্তব্য,

“পরিকল্পনা আফগানিস্তানে হলেও হামলার অর্থ এসেছে ভারত থেকে। নিশানা ঠিক করে দিচ্ছে ভারতই। পর্দার আড়াল থেকে একের পর এক হামলার ছক কষছে তারা।”

এমনকি, পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে পেরে না উঠেই ভারত এই পথে ‘প্রতিশোধ’ নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। যদিও তাঁর এই বক্তব্যের সপক্ষে কোনও প্রমাণ বা তথ্য তুলে ধরতে পারেননি।

পাকিস্তানের এই অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছে। একই সঙ্গে আফগানিস্তানের তালিবান সরকারও এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে নমাজ চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। আত্মঘাতী কবচ পরে মসজিদের ভিতরে ঢুকে পড়ে জঙ্গি। নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিস্ফোরণ ঠেকানো সম্ভব হয়নি। এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬, আহত দেড় শতাধিক।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। যদিও এখনও পর্যন্ত সংগঠনের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.