গতকাল রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে আবারও ভারতীয় ব্যাটিং ধসের শিকার হলো। শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৪০/৯ রান সংগ্রহ করলেও ভারত ৪২.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে ভারতীয় বোলাররা জেতার সুযোগ তৈরি করে দিলেও ফের একবার ভারতীয় মিডিল অর্ডার রান তাড়া করতে ব্যার্থ।
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের শুরুটা ভালো হয়েছিল। রোহিত শর্মা ৪৪ বলে ৬৪ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। তবে অন্যান্য ব্যাটার তাঁর সমর্থনে তেমন কিছু করতে পারেননি। প্রথম ম্যাচেও রোহিত শর্মা ৪৭ বলে ৫৮ রান করেছিলেন, কিন্তু অন্যান্য ব্যাটার ২৪০ বলে মাত্র ১৬৪ রান সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও একই চিত্র দেখা যায়, যেখানে রোহিত ছাড়া অন্যরা ২১০ বলে মাত্র ১২৯ রান করতে পেরেছিলেন।
রোহিত শর্মা ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে বলেন, “পঞ্চাশ, শতরান এবং মাইলস্টোন আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। আমি যেভাবে ব্যাট করি, তাতে ঝুঁকি নেওয়ার সম্ভাবনা থাকে। আমি ঝুঁকি নিতে ভয় পাই না। আপনি যেখানেই আউট হোন, সেটা শতরান, পঞ্চাশ বা শূন্য হোক, আপনি হতাশ হন যদি দলকে জিতিয়ে আনতে না পারেন, কিন্তু আমার ইচ্ছাশক্তি পরিবর্তন হবে না।”
ভারতের ব্যাটিং ধস নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে। সিরিজে পরপর দুই ম্যাচে একই ধরনের পারফরম্যান্স দলের মনোবলে আঘাত হানতে পারে। সিরিজে টিকে থাকতে হলে দলের অন্যান্য ব্যাটারদের রোহিতের মতো দৃঢ় মনোভাব নিয়ে ব্যাট করতে হবে।
শ্রীলঙ্কা দল নিজেদের পরিকল্পনা মাফিক খেলতে পেরেছে এবং তাদের বোলাররা ভারতের ব্যাটিং লাইনআপকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। এই জয়ে শ্রীলঙ্কা সিরিজে এগিয়ে গেল। কার্যত সিরিজ হার এড়াতে তৃতীয় ম্যাচ ভারতকে জিততেই হবে।







