আসন্ন ৯ জুন দু’দিনের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মহলের মতে, সফরের মূল উদ্দেশ্য কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বকেয়া আদায়। ২০২০ সাল থেকে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ না দেওয়ায় রাজ্যের আর্থিক ভারসাম্য চাপে পড়েছে বলে অভিযোগ তৃণমূল সরকারের।
বকেয়া রয়েছে একশো দিনের কাজের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবং সড়ক যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা। একাধিকবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রতি আহ্বান জানালেও এখনও পর্যন্ত কোনও সদর্থক সাড়া মেলেনি বলে দাবি শাসকদলের। এর আগেও রেড রোডে অবস্থান বিক্ষোভে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন্দ্রের নিরুত্তর অবস্থান রাজ্যের ভাণ্ডারে বাড়তি চাপ সৃষ্টি করেছে। বাধ্য হয়ে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই একশো দিনের কাজ ও আবাস যোজনার অর্থ জোগান দিয়েছে।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ একই দিনে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস ও আলোচনার সম্ভাবনা রয়েছে।
বিষয়টিকে ঘিরে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তাঁর প্রশ্ন, “রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়মিত নীতি আয়োগ বা কেন্দ্রীয় বৈঠকে অংশগ্রহণ করেন না কেন? যখন অন্যান্য বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই প্ল্যাটফর্ম এড়িয়ে চলেন?”
এই সফর কি আদৌ কেন্দ্র-রাজ্যের সম্পর্কে বরফ গলাবে? না কি রাজ্য আরও একবার কেন্দ্রীয় বিমুখতার অভিযোগে সরব হবে — এখন তাকিয়ে রাজনৈতিক মহল।






