খেলাধুলা

আরসিবি জয়ের সেলিব্রেশনে মৃত্যু! মুখ্যমন্ত্রীর আজব সাফাই ঘিরে তীব্র রাজনৈতিক ঝড়

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র জয়ের সেলিব্রেশন রূপ নিল মৃত্যুমিছিলে। গেট খোলার সঙ্গে সঙ্গেই হাজার হাজার মানুষ একযোগে ভিতরে ঢোকার চেষ্টা করেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুলিশ। লাঠিচার্জ, হুড়োহুড়ি, আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহত অন্তত ৩৫। রাস্তাতেই বহুজনকে CPR দিতে দেখা যায়।

এই মর্মান্তিক ঘটনার দায় যখন সোজা সরকারের দিকেই যাচ্ছে, তখন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মন্তব্য ঘি ঢালল আগুনে। তিনি বলেন, “এই ধরনের বড় জমায়েতে দুর্ঘটনা নতুন নয়। কুম্ভমেলাতেও তো ৫০-৬০ জনের মৃত্যু হয়েছিল।” যদিও মুখে দায় স্বীকার করলেও, তার মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র। অনেকের মতে, নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে ইতিহাস খুঁড়ে বার করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী।

সিদ্দা জানিয়েছেন, ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা পড়বে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবে বলে জানিয়েছে।

তবে ক্ষতিপূরণের ঘোষণা মানুষের ক্ষোভ কমাতে পারেনি। বিজেপির অমিত মালব্য এক্সে লিখেছেন, “এই ট্র্যাজেডি অপরাধমূলক গাফিলতির ফল। কংগ্রেস সরকার রক্তে রাঙা।” বিরোধীরা একবাক্যে বলছে, এটা নিছক দুর্ঘটনা নয়, সরকারের অব্যবস্থার নির্মম ফল। আরসিবি-র জয়ের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল – প্রশ্ন, কে নেবে এর পূর্ণ দায়?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.