জেলা

রথের আনন্দে ভাটা, রাস্তায় বেঞ্চ ফেলে অবরোধ!

রথের দিনেও রথযাত্রার আনন্দ ভুলে ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার আমতলা বারুইপুর রোডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাঘাটে নিত্যদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় অবশেষে প্রতিবাদে রাস্তায় নামলেন সাধারণ মানুষ।

আজ সকাল ৭টা থেকে গাবতলা মোড়ে বেঞ্চ ফেলে শুরু হয়েছে অবরোধ। তিন ঘণ্টা পার হলেও অবরোধ চলছে অব্যাহতভাবে। পথ আটকে চলেছে স্লোগান, উত্তেজনায় থমথমে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই পুলিশের ঘেরাও করে আরও ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।

সূত্রের খবর, এই বিক্ষোভে বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সহ-সম্পাদক সুফল ঘাটু উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের পাশে দাঁড়িয়েছেন। বিরোধীদের দাবি, প্রশাসনের চূড়ান্ত নিষ্ক্রিয়তার ফলেই আজ সাধারণ মানুষ এই অবস্থায় বাধ্য হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, আমতলা বারুইপুর রোডে খানা খন্দে ভর্তি রাস্তা, বর্ষায় অবস্থা আরও করুণ। অটো, বাইক, অ্যাম্বুল্যান্স—প্রতিদিনই কোনও না কোনও যান দুর্ঘটনার কবলে পড়ছে। অথচ প্রশাসন নির্বিকার।

এই অবস্থায় প্রশাসনের তরফে দ্রুত কোনও প্রতিক্রিয়া না এলে বিক্ষোভ আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। রথের দিনে এই রকম প্রতিবাদ নজিরবিহীন হলেও, মানুষের ক্ষোভ যে যথেষ্ট যৌক্তিক, তা মেনে নিচ্ছেন অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.