নৈহাটির ইশাক সর্দার রোডে হঠাৎই চাঞ্চল্য! স্থানীয় শ্রমিক আজাদ মল্লিকের আধার এবং ভোটার কার্ডের তথ্য ব্যবহার করে পাকিস্তানের এক ব্যক্তি নিজের পাসপোর্ট বানিয়েছে—এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে। তাজ্জব নৈহাটির আজাদ, হতবাক গোটা এলাকা।
আজাদ জানান, তিনি নৈহাটি জুটমিলের কর্মী, তাঁর বাবা মনা ঘরামী ছিলেন, এলাকায় দীর্ঘদিন ধরে তাঁরা পরিচিত মুখ। আজাদ প্রশ্ন তুলেছেন, “আমার পরিচয়পত্র পাকিস্তানে কীভাবে পৌঁছল? কে বা কারা এর পিছনে রয়েছে, বুঝে উঠতে পারছি না।”
এলাকাবাসীরাও একবাক্যে বলছেন, আজাদ বরাবর স্থানীয়, তার কোনও সন্দেহজনক গতিবিধি চোখে পড়েনি। তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ এনেছেন, আজাদের সঙ্গে নাকি পাকিস্তানের যোগাযোগ রয়েছে, এবং কারিগর পাড়ায় আরও অনেকে রয়েছেন যাদের বিদেশ সংযোগ রয়েছে।
নৈহাটির বিধায়ক সনৎ দে জানিয়েছেন, “আজাদের পরিবার ৬৫ বছরেরও বেশি সময় ধরে এখানে রয়েছে। আগে পুলিশ তদন্তে এসেছিল, কিন্তু কোনও প্রমাণ মেলেনি।”
অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরচন্দ্র দাস বলেন, “এই ঘটনা রীতিমতো আতঙ্কের। প্রশাসনের উচিত গোটা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা।”
এই ঘটনায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইতিমধ্যেই তদন্তে নেমেছে। প্রশ্ন উঠছে, এক ভারতীয় নাগরিকের আধার ও ভোটার কার্ড কীভাবে বিদেশে ব্যবহৃত হলো? এর পিছনে কোনও বৃহৎ জালিয়াতি চক্র রয়েছে কি না, এখন সেটাই দেখার।







