দেশ

৩০ বছরের গড় ভাঙতেই মুখ খুললেন বিজেপি সভাপতি! পরাজয় নিয়ে কী বার্তা দিলেন নিতিন নবীন?

বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিন দশকের পুরনো গড় হারানো এবং মধ্যপ্রদেশের দাতিয়া আসনে পরাজয়ের পর দলের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি জানিয়েছেন, এই ফলাফলকে হালকাভাবে নেওয়া হবে না; বরং কোথায় ঘাটতি রয়ে গেল, তা খতিয়ে দেখে ভবিষ্যতের কৌশল নির্ধারণ করবে দল।

১৯৯৫ সাল থেকে টানা বিজেপির দখলে থাকা বাঁকিপুর আসনে এবার জয় পেয়েছেন প্রশান্ত কিশোর। জন সুরাজ পার্টি-র প্রার্থী হিসেবে তিনি প্রায় ১৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজেপিকে হারান। রাজনৈতিক মহলের মতে, এক বছরের মধ্যে এত বড় ব্যবধানে ভোটের সমীকরণ বদলে যাওয়া বিজেপির জন্য স্পষ্ট সতর্কবার্তা।

পরাজয়ের প্রতিক্রিয়ায় নিতিন নবীন বলেন, বাঁকিপুর ও দাতিয়া—দুই কেন্দ্রেই দল প্রত্যাশিত সমর্থন পায়নি। তাই এই ফলাফলের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, একটি বা দুটি নির্বাচনের ফলাফলই দলের ভবিষ্যৎ নির্ধারণ করে না।

তবে সবটাই হতাশার নয় বলেও উল্লেখ করেন বিজেপি সভাপতি। তিনি জানান, গুজরাতের মাঞ্জলপুর আসনে দল জয় ধরে রাখতে সক্ষম হয়েছে, যার জন্য ভোটার ও কর্মীদের অভিনন্দন জানান। পাশাপাশি দাতিয়া কেন্দ্রে পরাজয় হলেও আগের তুলনায় বিজেপির ভোট বেড়েছে বলেও দাবি করেন তিনি।

শেষে নিতিন নবীন বলেন, অতীতের সাফল্য থেকেই অনুপ্রেরণা নিয়ে নতুন উদ্যমে মানুষের কাছে পৌঁছাবে বিজেপি। জনসমর্থন পুনরুদ্ধারে সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি মানুষের আস্থা ফেরানোই এখন দলের প্রধান লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.