রাজনীতি

হাইকোর্টে ধাক্কার পর পুরুলিয়া থেকে গ্রেফতার দেবরাজ চক্রবর্তী

কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরই পুলিশের জালে ধরা পড়লেন বিধাননগর পুরসভার প্রাক্তন প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

আয়-বহির্ভূত সম্পত্তি অর্জন এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সম্প্রতি বড় ধাক্কা খেয়েছিলেন দেবরাজ। হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন নাকচ করে দেওয়ায় গ্রেফতারির ক্ষেত্রে আর কোনও আইনি বাধা ছিল না। অন্যদিকে, চার মাসের শিশু সন্তানের কথা বিবেচনায় রেখে দেবরাজের স্ত্রী, রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সিকে আগাম জামিন দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেয় আদালত।

দেবরাজের গ্রেফতারের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে সরব থাকা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি কড়া ভাষায় বলেন, “ডাকাত গ্রেফতার হয়েছে। এবার এলাকার মানুষ শান্তিতে থাকবে।”

তরুণজ্যোতির অভিযোগ, গত পাঁচ বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বেআইনিভাবে গড়ে তুলেছেন দেবরাজ ও অদিতি। নির্বাচনী হলফনামায় প্রকৃত সম্পদের তথ্য গোপন করতে এবং হিসাববহির্ভূত অর্থ বৈধ দেখানোর উদ্দেশ্যে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি আত্মীয়স্বজন ও অন্যদের নামে হস্তান্তর করা হয়েছে বলেও তাঁর দাবি।

মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকেও আদালতে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। দাবি করা হয়, রাজারহাট-নিউটাউন এবং সংলগ্ন এলাকায় তোলাবাজি, প্রোমোটারদের ভয় দেখানো ও জোরপূর্বক জমি দখলের মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন দেবরাজ। এছাড়াও, ভোটের আগে কালিম্পঙের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ একাধিক অ্যাকাউন্ট থেকে উল্লেখযোগ্য অঙ্কের টাকা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলেও আদালতে জানানো হয়।

চাকরি দুর্নীতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গত কয়েকদিন ধরেই চাপে ছিলেন দেবরাজ চক্রবর্তী। গ্রেফতারি এড়াতেই তিনি পুরুলিয়ায় আত্মগোপন করেছিলেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত হাইকোর্টে আগাম জামিন না মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই হাইপ্রোফাইল নেতার গ্রেফতারিকে ঘিরে উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.