সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ইতিমধ্যেই যা নিয়ে তুঙ্গে বঙ্গ রাজ্য-রাজনীতির পারদ। বিজেপির তরফে মোদীর এই সভায় আসার জন্য আমন্ত্রণ জানাতে সাধারণ মানুষের দুয়ারে-দুয়ারেও যাওয়া হচ্ছে । জানা গিয়েছে , সিঙ্গুরে প্রধানমন্ত্রীর এই সভা করার জন্য , কৃষকরাই জমি ছেড়েছেন। তারাই সিঙ্গুরে এখন চাইছেন শিল্প। যাতে পুরোপুরিভাবে আশ্বাস জুগিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবী , বাংলায় বিজেপি এলেই টাটা ফিরবে।
রাজনৈতিক মহলের একাংশের দাবী, চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটাতে সিঙ্গুর আন্দোলনই ছিল গুরুত্বপূর্ণ ইস্যু। তৎকালীন সময়ে বাম সরকার সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানা তৈরি করতে চেয়েছিল । কৃষকদের কাছ থেকে জমিও অধিগ্রহণ করেছিল । কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় বিরোধিতা করেন , বিক্ষোভ দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, কৃষকদের থেকে জোর করে জমি ছিনিয়ে নেয় বাম সরকার। তবে এই বিরোধিতার জল এতদূর গড়ায় টাটা যে সিঙ্গুর ছাড়তে বাধ্য হয় । বর্তমান বিরোধী দলনেতা তথা তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে সামিল ছিলেন । তবে বর্তমানে তিনি বিজেপিতে চলে আসার পর এই ইস্যু নিয়ে নিজের মত পরিবর্তন করে ফেলেন ।
আর এবার ভোট পূর্ববর্তী লগ্নে , সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন , প্রধানমন্ত্রী । আর তাঁর সভার আগেই , টাটা ফেরার আশ্বাস দিয়ে সুকান্ত বলেন , “আমরা জানি কীভাবে করতে হয়। আমরা উত্তর প্রদেশে বিজনেস করিডর করছি। আর একটা তামিলনাড়ুতে হচ্ছে। এটা আর কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে নাকও যাবে, নুড়ুলও যাবে পাবেন না কিছুই। উনি শুধু নিজের পরিবারের জন্য করেন।”
বাম নেতা কলতান দাশগুপ্ত এবিষয়ে বলেন, “নির্বাচনের আগেই এত বড় বড় কথা বলে বোঝা যায় না। এর আগে ভোটের সময় বলেছিলেন,দুর্নীতিবাজদের ধরবে। ভোট এলে কাকে ধরি আর কাকে ছাড়ি।” তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ
আবার বলেছেন, “গুজরাটে যে কারখানা হয়েছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। সেটা কেন বন্ধ হল? আর এখানে টাটা আগে থেকেই বিনিয়োগ করছে। সিঙ্গুরের সেই সময় আন্দোলন ছিল সকল মানুষ ও সব রাজনৈতিক দলের। তখন রাজনাথ সিংও মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন।”







