ইরানের দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির প্রেক্ষিতে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিল ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, “পরিবর্তনশীল ও অনিশ্চিত পরিস্থিতির কারণে ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার অনুরোধ করা হচ্ছে।” পাশাপাশি ইরানে অবস্থানরত ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিক্ষোভপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও আর্থিক সংকটের প্রতিবাদে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। পরিস্থিতি সামাল দিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি হোসেইনি খোমেনির নির্দেশে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ ও কঠোর দমননীতি চালানো হচ্ছে বলে অভিযোগ। বিক্ষোভ দমনে সেনার ট্যাঙ্ক পর্যন্ত নামানো হয়েছে ইরানের রাস্তায়। ইরান ইন্টারন্যাশনালের দাবি, এখনও পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত, যাদের অধিকাংশের বয়স ৩০ বছরের নিচে।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সাময়িকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তিন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যেই সেনাদের অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে চায়নি।
আল-উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এক কূটনীতিকের বক্তব্য অনুযায়ী, এটি সম্পূর্ণভাবে ঘাঁটি ছাড়ার নির্দেশ নয়, বরং কৌশলগত অবস্থান পরিবর্তন মাত্র। তবে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা ঘিরে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।







