শুধু ডিম, রাজমা বা সাধারণ সবজির মধ্যেই আর সীমাবদ্ধ থাকতে চাইছে না মিড ডে মিলের মেনু। সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য সপ্তাহে অন্তত একদিন চিকেন বিরিয়ানি পরিবেশনের পরিকল্পনা করছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের সরকারের কাছে ইতিমধ্যেই এই প্রস্তাব পৌঁছেছে। যদিও এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি।
দেশের বহু রাজ্যে মিড ডে মিলের খাবারের মান ও মেনু নিয়ে প্রায়ই বিতর্ক তৈরি হলেও, তামিলনাড়ু বরাবরই এই প্রকল্পে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। স্বাধীনতার পর দেশের মধ্যে প্রথম মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল এই রাজ্যেই। তৎকালীন মুখ্যমন্ত্রী কামরাজের উদ্যোগে শুরু হওয়া সেই প্রকল্প পরবর্তীকালে একাধিক সরকার আরও সমৃদ্ধ করেছে। প্রথমবার মিড ডে মিলে ডিম সংযোজন, পরে পড়ুয়াদের জন্য আলাদা প্রাতঃরাশ চালু—সব ক্ষেত্রেই অন্য রাজ্যগুলোর তুলনায় এগিয়ে থেকেছে তামিলনাড়ু।
সেই ধারাবাহিকতাই বজায় রাখতে এবার সপ্তাহে একদিন মিড ডে মিলে চিকেন বিরিয়ানি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে দেশের মধ্যে এই ধরনের উদ্যোগ প্রথমবার বাস্তবায়িত হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী রাজমোহন জানিয়েছেন, প্রতিটি সরকারই শিক্ষার্থীদের পুষ্টির কথা মাথায় রেখে নতুন নতুন পদক্ষেপ নিয়েছে। তাঁর কথায়, কামরাজ মিড ডে মিল চালু করেছিলেন, করুণানিধি তাতে ডিম যোগ করেন, এমজিআর প্রকল্পটিকে আরও পুষ্টিকর করে তোলেন এবং জয়ললিতা সপ্তাহে প্রতিদিন ডিম দেওয়ার ব্যবস্থা করেন। সেই ধারাবাহিকতায় তিনিও সপ্তাহে অন্তত একদিন বিরিয়ানি পরিবেশনের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়।
এদিকে, আগের ডিএমকে সরকারের চালু করা স্কুলের প্রাতঃরাশ প্রকল্পেও পরিবর্তন আনতে চাইছে বর্তমান সরকার। আগে পড়ুয়া-পিছু ১৫ টাকা বরাদ্দ থাকায় প্রায়ই একই ধরনের খাবার বারবার পরিবেশন করতে হতো। এবার সেই বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, অতিরিক্ত অর্থ বরাদ্দ হলে প্রতিদিন আরও বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাবার পরিবেশন করা সম্ভব হবে।







