রুশ তেলের রপ্তানি ঘিরে ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতির ফলে বড়সড় আর্থিক ধাক্কা খেল ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সোমবার শেয়ারবাজারে এই সংস্থার শেয়ারে ৩ শতাংশেরও বেশি পতন লক্ষ্য করা যায়। এর ফলে মাত্র একদিনেই সংস্থার বাজার মূলধন থেকে ঝরে গেছে প্রায় ৬৬ হাজার কোটি টাকা।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন থেকে তৃতীয় কোনো দেশের মাধ্যমে রপ্তানিকৃত রুশ তেল গ্রহণ করবে না। এর জেরে ক্ষতির মুখে পড়তে পারে ভারত, কারণ দেশটি ইউরোপে প্রতি বছর প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের পরিশোধিত তেল রপ্তানি করে। বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ওপর, যারা রাশিয়া থেকে তেল এনে তা পরিশোধিত অবস্থায় ইউরোপে পাঠিয়ে আসছিল।
২০২৪ সালের ডিসেম্বরে রিলায়েন্স রোসনেফ্টের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছিল, যার অধীনে প্রতিদিন ৫ লক্ষ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানির পরিকল্পনা ছিল। এই কাঁচামাল মূলত রিলায়েন্সের পরিশোধন প্রকল্পের অন্যতম ভিত্তি হয়ে উঠেছিল। এই তেল মধ্যপ্রাচ্যের তুলনায় কম দামে কেনা সম্ভব হচ্ছিল, যার ফলে সংস্থার লাভের মার্জিনও ছিল বেশি।
তবে ইউরোপীয় নীতির পরিবর্তনের প্রভাবে সেই লাভজনক চক্রে ছেদ পড়তে পারে। সোমবার রিলায়েন্সের শেয়ার ৩.২৯% কমে দাঁড়ায় ১৪২৮. ০৫ টাকায়। দিনের মধ্যে সর্বনিম্ন দর ছিল ১৪২৩. ০৫ টাকা। একদিন আগেই সংস্থার শেয়ার ছিল ১৪৭৬. ৮৫ টাকা দরে। এই পতনের ফলে কোম্পানির বাজার মূলধন কমে দাঁড়ায় ১৯.৩২ লক্ষ কোটি টাকার কাছাকাছি, যেখানে আগের দিন তা ছিল ১৯.৯৮ লক্ষ কোটি টাকা।
বিশ্লেষকদের মত, ইউরোপীয় সিদ্ধান্তের কারণে রিলায়েন্সের পরিশোধিত তেল রপ্তানির পথ সংকুচিত হয়ে পড়বে, যার আর্থিক প্রভাব ভবিষ্যতেও পড়তে পারে। তবে সংস্থাটি এই পরিস্থিতি মোকাবিলায় কী কৌশল গ্রহণ করে, সেটিই এখন নজরে থাকবে।






