ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য নতুন সামরিক সংঘাতের আবহে মার্কিন রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট Donald Trump-এর যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করার দাবিতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে আনা গুরুত্বপূর্ণ প্রস্তাবের ভোটাভুটি হঠাৎই স্থগিত হয়ে যায়। আর সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা।
ডেমোক্র্যাটদের অভিযোগ, ভোটে হারার আশঙ্কা থেকেই শেষ মুহূর্তে পিছিয়ে যায় রিপাবলিকান শিবির। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্ট যাতে একক সিদ্ধান্ত নিতে না পারেন, সেই উদ্দেশ্যেই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সাংসদ গ্রেগরি মিকস।তিনি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছিল, পশ্চিম এশিয়ায় সংঘাত বাড়ানোর আগে ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। পাশাপাশি প্রেসিডেন্টের সাম্প্রতিক সামরিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়।
কিন্তু ভোটাভুটির সময় রিপাবলিকান সদস্যদের অনুপস্থিতি নিয়ে আপত্তি তোলে ট্রাম্পপন্থীরা। এরপরই পুরো ভোট প্রক্রিয়া স্থগিত রাখা হয়। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে ডেমোক্র্যাট শিবির।
ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস, হুইপ ক্যাথরিন ক্লার্ক এবং ককাস চেয়ার পিট অ্যাগুইলার যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস এখন আর স্বাধীনভাবে কাজ করছে না, বরং ট্রাম্প প্রশাসনের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত।
তাঁদের দাবি, এই প্রস্তাব পাশ হলে প্রেসিডেন্টকে পশ্চিম এশিয়ায় চলা সামরিক উত্তেজনা কমানোর পথে হাঁটতে হত। তাই ইচ্ছাকৃতভাবেই ভোট এড়ানো হয়েছে।
যদিও হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, জুন মাসে এই প্রস্তাব আবার তোলা হতে পারে। তবে ততদিনে ইরান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, মার্কিন ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানো যায় না। অথচ ইরান ইস্যুতে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ অনুমোদন নেয়নি ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই নতুন হামলার প্রস্তুতির খবর সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে।
সব মিলিয়ে, ইরান ইস্যু এখন শুধু আন্তর্জাতিক কূটনীতির নয়, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিরও বড় সংঘাতে পরিণত হয়েছে।







