বকরি ইদ উপলক্ষে শিয়ালদা-লালগোলা শাখার যাত্রীদের জন্য বড় ঘোষণা করল Eastern Railway। উৎসবের ভিড় সামাল দিতে একাধিক স্পেশাল EMU লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি, আগামী ২৪ মে অনুষ্ঠিত হতে চলা WBJEE ও সিভিল সার্ভিস পরীক্ষার কথা মাথায় রেখে শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত ট্রেন পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদা-লালগোলা এবং রানাঘাট-লালগোলা শাখায় বিশেষ লোকাল ট্রেন চালানো হবে নির্দিষ্ট দিনে। সমস্ত স্পেশাল EMU ট্রেনই যাত্রাপথের প্রতিটি স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে।
বকরি ইদ উপলক্ষে স্পেশাল ট্রেনের সূচি
• ০৩১১৯ শিয়ালদা-লালগোলা আপ EMU স্পেশাল ট্রেন ২৫ ও ২৬ মে ২০২৬ তারিখে শিয়ালদা থেকে বিকেল ৩:২০ মিনিটে ছেড়ে রাত ৮:২০ মিনিটে লালগোলায় পৌঁছবে।
• ০৩১২১ শিয়ালদা-লালগোলা আপ EMU স্পেশাল ট্রেন ২৭ মে ২০২৬ শিয়ালদা থেকে সকাল ১১:৫৫ মিনিটে ছেড়ে বিকেল ৪:৫৫ মিনিটে লালগোলায় পৌঁছবে।
• ০৩১৫৩ রানাঘাট-লালগোলা আপ EMU স্পেশাল ট্রেন ২৯ মে ২০২৬ রানাঘাট থেকে সকাল ৯:৫০ মিনিটে ছেড়ে দুপুর ১২:৫০ মিনিটে লালগোলায় পৌঁছবে।
• ০৩১২০ লালগোলা-শিয়ালদা ডাউন EMU স্পেশাল ট্রেন ২৬ ও ২৭ মে ২০২৬ লালগোলা থেকে ভোর ৪:৫০ মিনিটে ছেড়ে সকাল ৯:৫৫ মিনিটে শিয়ালদায় পৌঁছবে।
• ০৩১৫৪ লালগোলা-রানাঘাট ডাউন EMU স্পেশাল ট্রেন ২৭ মে ২০২৬ লালগোলা থেকে বিকেল ৫:৪৫ মিনিটে ছেড়ে রাত ৯:০২ মিনিটে রানাঘাটে পৌঁছবে।
• ০৩১২২ লালগোলা-শিয়ালদা ডাউন EMU স্পেশাল ট্রেন ২৯ মে ২০২৬ লালগোলা থেকে দুপুর ২:১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭:১০ মিনিটে শিয়ালদায় পৌঁছবে।
অন্যদিকে, ২৪ মে অনুষ্ঠিত হতে চলা WBJEE এবং সিভিল সার্ভিস পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিয়েছে শিয়ালদা ডিভিশন। পূর্ব রেল জানিয়েছে, ওই দিন দিনের প্রথম ট্রেন থেকে সকাল ১১টা পর্যন্ত কাজের দিনের মতো পরিষেবা চালানো হবে।
তবে সমস্ত AC EMU লোকাল ট্রেন রবিবারের সময়সূচি মেনেই চলবে। এর পাশাপাশি বিশেষভাবে চালানো হবে দুটি AC EMU লোকাল পরিষেবা—
১) ৩১৬৩৮/৩১৬৩৭ রানাঘাট-শিয়ালদা-রানাঘাট AC EMU লোকাল
২) ৩১৮৪৭/৩১৮৪৮ শিয়ালদহ-কৃষ্ণনগর-শিয়ালদহ AC EMU লোকাল
উৎসব ও পরীক্ষার মরশুমে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।







