ফের প্রকাশ্যে গুলির ঘটনায় আতঙ্ক ছড়াল হরিয়ানায়। সোমবার সন্ধ্যাবেলা সোনিপতের গানাউর শহরে প্রাক্তন ক্রিকেটার রামকরণকে খুন করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সাব ডিভিশনাল হাসপাতালের কাছে একটি ব্যস্ত এলাকা আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিনের রাজনৈতিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা একটি গাড়িতে করে ঘটনাস্থলে আসে এবং প্রকাশ্যে রামকরণকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলেও প্রাণে বাঁচানো যায়নি। জানা যায়, রামকরণ দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় ক্লাবে কোচিংও করাতেন।
এই খুনের পিছনে পৌরসভা বা মিউনিসিপ্যাল বোর্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল রয়েছে বলে পুলিশ মনে করছে। কারণ, রামকরণের পুত্রবধূ গানাউর মিউনিসিপাল কাউন্সিলের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে প্রাক্তন চেয়ারম্যান সুনীল ‘লম্বু’কে সন্দেহ করছে। গত নির্বাচনের পর থেকেই দুই পরিবারের মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধ চলছিল বলে জানা গিয়েছে। হামলার পরই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে দেন। গুলি চালানোর খবর পেয়ে সোনিপত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।
ঘটনার বিস্তারিত জানতে কাছাকাছি এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। রামকরণের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করার পর গানাউর পুলিশ খুনের মামলা রুজু করেছে। সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য পুলিশের একাধিক দল জোরদার অভিযান চালাচ্ছে।উল্লেখ্য, দিন কয়েক আগে পাঞ্জাবের লুধিয়ানায় প্রকাশ্য রাস্তায় খুন করা হয়েছিল ২৬ বছর বয়সী তরুণ কবাডি খেলোয়াড় তেজপাল সিংকে।







