মণিপুরে ফের নতুন করে উত্তেজনা ছড়াল। মাত্র তিন দিনের মধ্যে পরপর হামলার ঘটনায় তামেংলং ও সংলগ্ন এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। মঙ্গলবার তামেংলং জেলার লেইসাংফাই এলাকায় দুই কুকি-জো মহিলাকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। এর কয়েক ঘণ্টার মধ্যেই কাংপোকপি জেলার চাওয়াংকিনিং লিয়াংমাই নাগা গ্রামে হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ একদল সশস্ত্র হামলাকারী চাওয়াংকিনিং নাগা গ্রামে ঢোকার চেষ্টা করে। হামলাকারীদের কাছে আধুনিক অস্ত্র ছিল বলে অভিযোগ। কাছাকাছি মোতায়েন CRPF জওয়ানরা পাল্টা গুলি চালালে শুরু হয় দীর্ঘক্ষণ গুলির লড়াই। প্রায় ছয় ঘণ্টা ধরে থেমে থেমে গুলি চলে। নিরাপত্তাবাহিনীর তৎপরতায় হামলাকারীরা গ্রামে ঢুকতে পারেনি বলে আধিকারিকদের দাবি। তবে গ্রামের প্রান্তে থাকা অন্তত দু’টি কাঠের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে তামেংলংয়ের লেইসাংফাই এলাকায় হামলায় প্রাণ হারান দুই কুকি-জো মহিলা। স্থানীয় সূত্র অনুযায়ী, তাঁরা প্রত্যন্ত কৃষিজমিতে কাজ করছিলেন। নিহতদের মধ্যে ছিলেন চোঙ্গা সিতলহৌ এবং কিমবোই সিংসন। কিমবোই সম্প্রতি নার্সিংয়ের পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছিলেন বলে স্থানীয় সংগঠনগুলির দাবি।
এই ঘটনার দু’দিন আগেই, ১৩ সেপ্টেম্বর, তামেংলংয়ের টোলেন এবং সংলগ্ন নোনি জেলার লংপি গ্রামে পৃথক হামলায় চার কুকি-জো নাগরিক নিহত হন। টোলেনের ঘটনায় এক দম্পতি নিহত হন এবং তাঁদের নাবালক সন্তান গুলিবিদ্ধ হয়। লংপিতেও দু’জনের মৃত্যু হয়।
পরপর হামলার জেরে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক সংগঠন ঘটনাগুলির নিন্দা করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। কয়েকটি স্থানীয় সংগঠন হামলার পিছনে সশস্ত্র গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ তুললেও, সেই দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাবাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।







