এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এ দুর্দান্ত ফর্মে থাকা ভারত বৃহস্পতিবার কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল। এই জয়ের মাধ্যমে ভারত টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিল।
প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারত এর আগে চীনকে ৩-০, জাপানকে ৫-০ ও গতবারের রানার্স আপ মালয়েশিয়াকে ৮-১ ব্যবধানে হারিয়েছিল। কোরিয়ার বিপক্ষে ভারতের হয়ে আরাইজিৎ সিং হুন্ডাল ৮ মিনিটে প্রথম গোলটি করেন। এর ঠিক এক মিনিট পর অধিনায়ক হরমনপ্রীত সিং ৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন এবং ৪৩ মিনিটে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। কোরিয়ার একমাত্র গোলটি আসে জিহুন ইয়াং-এর স্টিক থেকে, যা তিনি ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে করেন।
ভারত এখন শনিবার তাদের শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।







