L
কলকাতা: প্রথমবারের মতো আইএসএলে নামতে চলা আই লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন জার্সি উন্মোচন করল। কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট অতিথি এবং কর্মকর্তারা।
অনুষ্ঠানে সামাদ আলি মল্লিক, অমরজিৎ, অ্যালেক্সিস গোমেজসহ মহামেডান দলের তারকা ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সাদা-কালো ব্রিগেডের নতুন জার্সি প্রকাশ্যে আনা হয়। ক্লাবের সভাপতি আমিরুদ্দিন ববি ও শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডির উপস্থিতিতে অনুষ্ঠানে জমকালো পরিবেশ তৈরি হয়েছিল।
এছাড়াও উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোস, আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। যদিও ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে আসতে পারেননি বাঙ্কারহিলস কর্তা দীপককুমার সিং।
মহামেডান স্পোর্টিং-এর এই নতুন জার্সি এবং আইএসএল যাত্রা ঘিরে কলকাতার ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফুটবলপ্রেমীরা সাদা-কালো জার্সিধারীদের এই মরশুমে সাফল্য দেখার অপেক্ষায় চেয়ে আছেন।







