ফুটবলে যদি নান্দনিকতা ও উত্তেজনার মিশেল খুঁজে থাকেন, তবে স্পেন বনাম ফ্রান্সের এই সেমিফাইনাল আপনার জন্য উপহার। গোল, প্রতিআক্রমণ, পেনাল্টি, আত্মঘাতী গোল—সবই ছিল এক ম্যাচে। উয়েফা নেশনস লিগের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫-৪ গোলে জিতে ফাইনালে উঠল স্পেন, যেখানে তাদের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন পর্তুগাল।
প্রথম থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্পেন। নিকো উইলিয়ামস এবং মিকেল মেরিনোর গোলে বিরতির আগেই ২-০ লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ আরও শক্ত হাতে ধরে ইয়ামালরা। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লামিন ইয়ামাল, এরপর ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-০ করেন তিনি। ৭৪ মিনিটে পেরির পঞ্চম গোল স্পেনের জয় প্রায় নিশ্চিত করে দেয়।
তবে ফ্রান্স লড়াই ছেড়ে দেয়নি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করে সূচনা করেন। এরপর শেরকি ও আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। সংযুক্ত সময়ে কোলো মুয়ানির গোলে ব্যবধান দাঁড়ায় ৫-৪। শেষ মিনিটে একাধিক সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি ফরাসিরা।
এখন নজর ফাইনালে। বুধবার জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছেছে পর্তুগাল। ২০১৯ সালের পর ফের নেশনস লিগ জয়ের লক্ষ্যে রোনাল্ডোরা। তবে ইয়ামালদের স্পেন রুখে দিতে পারে সেই স্বপ্ন, এমনটাই ধারণা ফুটবলবিশ্বে।







