দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন কে এল রাহুল। ফলে নতুন নেতা হিসেবে এগিয়ে আসছেন অক্ষর প্যাটেল। ফ্র্যাঞ্চাইজির সূত্র অনুযায়ী, রাহুল নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী নন, বরং ব্যাটসম্যান হিসেবে নিজের সেরা পারফরম্যান্স দিতে চান। তাই ২০২৫ আইপিএলে দিল্লির নেতৃত্বে দেখা যেতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষরকে।
অক্ষরের অধিনায়কত্ব নিয়ে সংশয় থাকলেও তিনি ইতিমধ্যেই ভারতীয় দলে নেতৃত্বের স্বাদ পেয়েছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া, ২০২৪ আইপিএলে এক ম্যাচের জন্য দিল্লির দায়িত্বও সামলেছিলেন, যখন ঋষভ পন্থ শাস্তির কারণে খেলতে পারেননি। আইপিএলে ১৫০ ম্যাচে ১২৩ উইকেট ও ১৬৫৩ রান করা অক্ষর ব্যাট-বলে দলের অন্যতম ভরসা। এবার তার নেতৃত্বগুণের বড় পরীক্ষা হতে চলেছে।
অন্যদিকে, দিল্লি ১৪ কোটি টাকায় দলে নেওয়া রাহুলকে অধিনায়ক করতে চেয়েছিল। তবে পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে নেতৃত্ব দিলেও দিল্লিতে তিনি শুধু ব্যাটসম্যানের ভূমিকায় থাকতে চান। তার অনুপস্থিতিতে অক্ষর নেতৃত্ব পেলেও দলের আসল লক্ষ্য প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতা।
দিল্লি ক্যাপিটালসের আইপিএল ২০২৫ যাত্রা শুরু হবে ২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। তার আগে ১৭ মার্চ বিশাখাপত্তনমের উদ্দেশে রওনা হওয়ার আগে দিল্লিতে তিন দিনের সংক্ষিপ্ত প্রস্তুতি শিবির করবে দলটি। নতুন অধিনায়কের অধীনে দিল্লি কতটা এগোতে পারে, সেটাই এখন দেখার।







