খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর বিদায়! আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন মাহমুদুল্লা

একটা অধ্যায়ের শেষ! বাংলাদেশের ক্রিকেটের সোনালি প্রজন্মের আর এক স্তম্ভ এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পর প্রবল সমালোচনার মুখে ছিলেন সিনিয়র ক্রিকেটাররা। সেই ধারাতেই এবার অবসরের পথ বেছে নিলেন মাহমুদুল্লা রিয়াদ। বুধবার সামাজিক মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে ৩৯ বছর বয়সী ক্রিকেটার লিখলেন, “সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে একসময় থামতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।”

এদিকে, কিছুদিন আগেই মুশফিকুর রহিম একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তার আগে মাশরাফি বিন মোর্তাজা এবং তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। শাকিব আল হাসান দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে জাতীয় দলের বাইরে। ফলে মাহমুদুল্লার অবসরের মাধ্যমে বাংলাদেশের ‘সোনালি প্রজন্ম’ একপ্রকার ইতি টানল।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল মাহমুদুল্লার। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ২৩৯টি একদিনের ম্যাচ খেলে ৫৬৮৯ রান করেছেন, যার মধ্যে রয়েছে চারটি শতরান ও ৩২টি অর্ধশতরান। টেস্ট এবং টি-টোয়েন্টিতেও সফল ছিলেন মাহমুদুল্লা। দেশের হয়ে ৫০টি টেস্ট ও ১৪১টি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশকে।

অবসরের গুঞ্জন অবশ্য আগেই ছড়িয়েছিল, যখন মাহমুদুল্লা বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তখনই অনেকেই অনুমান করেছিলেন, তিনি হয়তো শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। শেষ পর্যন্ত তাই-ই হল। এক সময়ের ম্যাচ উইনার, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটে মাহমুদুল্লার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.