ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ যেন মাঠ ছাড়িয়ে গ্যালারি ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। একের পর এক বিতর্কিত ঘটনায় নজরে আসছে পাকিস্তানি ক্রিকেটাররা। কখনও সাহিবজ়াদা ফারহানের বন্দুক চালানোর কায়দায় উল্লাস, কখনও আবার হ্যারিস রউফের হাতছানিতে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত। শুধু ক্রিকেটাররাই নয়, এবার ময়দানে নামলেন রউফের স্ত্রী মুজ়না মাসুদ মালিকও। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখা—“ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি।” স্বাভাবিক ভাবেই এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ঘটনার সূত্র ভারতীয় সমর্থকদের সঙ্গে ঠাট্টা-তামাশায়। ম্যাচ চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। পিছন থেকে ভারতীয় দর্শকরা ‘কোহলি, কোহলি’ চিৎকার করে উসকানি দিচ্ছিলেন। কারণ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বলেই কোহলির দুই ছক্কা ভারতকে জয় এনে দিয়েছিল। এর জবাবে রউফ আঙুলের ইশারায় বিমানের ভেঙে পড়ার দৃশ্য ফুটিয়ে তোলেন। পাশাপাশি ‘৬-০’ ইশারায় দেখিয়ে পাকিস্তানের পুরনো দাবি তুলে আনেন, যেখানে বলা হয়েছিল ভারতের ছ’টি রাফাল ধ্বংস করেছে তারা। যদিও ভারতীয় সেনা সেই দাবি অস্বীকার করেছিল।
এই ঘটনার ছবি পরে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মুজ়না। সঙ্গে লেখেন বিতর্কিত মন্তব্য—যা স্পষ্টতই ‘অপারেশন সিঁদুর’ ও পুলওয়ামা হামলার প্রেক্ষিতে ভারতকে কটাক্ষ। ফলে স্বামী-স্ত্রীর মিলিত বার্তা এবার আরও উত্তেজনা ছড়াল ভারত-পাক ক্রিকেট দ্বন্দ্বের বাইরেও।
বিশেষজ্ঞদের মতে, খেলার মঞ্চকে রাজনৈতিক বা সামরিক প্রোপাগান্ডার হাতিয়ার করে তুললে তা শুধুই সম্পর্কের অবনতি ঘটায়। মাঠের লড়াই সীমিত থাকা উচিত ব্যাট-বলের লড়াইয়েই। কিন্তু এশিয়া কাপে পাকিস্তানি শিবিরের এই একের পর এক আচরণ খেলাধুলার সীমানা ছাড়িয়ে অযাচিত ঝড় তুলছে।







