ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়ে মোহনবাগান এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) মধ্যে চলা দীর্ঘদিনের জটিলতা এবার আন্তর্জাতিক স্তরে পৌঁছাল। মোহনবাগানের অভিযোগের ভিত্তিতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) এই ইস্যুতে পদক্ষেপ করার কথা জানিয়েছে। ফিফা কর্তৃপক্ষ মোহনবাগানকে আশ্বস্ত করেছে যে তারা দ্রুত বিষয়টি নিষ্পত্তির জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করবে।
ঘটনার সূত্রপাত দুই বছর আগে, যখন ডিফেন্ডার আনোয়ার আলি মোহনবাগানের সঙ্গে চুক্তি চলাকালীনই ইস্টবেঙ্গলে যোগ দেন। সবুজ-মেরুন শিবিরের মূল অভিযোগ ছিল, আনোয়ার তাদের চুক্তি ভেঙে ‘অন্যায়ভাবে’ লাল-হলুদ জার্সি পরে খেলছেন। এই চুক্তিবিরোধী কার্যকলাপের প্রতিকার চেয়ে তারা প্রথমে দ্বারস্থ হয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে।তবে মোহনবাগানের দাবি, ফেডারেশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিষয়টি তাদের অ্যাপিল কমিটিতে ‘ঝুলিয়ে’ রেখেছে এবং আজও এর কোনো নিষ্পত্তি হয়নি।
ফেডারেশন অবশ্য এই বিলম্বের কারণ হিসেবে জানায় যে অ্যাপিল কমিটির চেয়ারম্যান পদত্যাগ করায় কমিটিটির কোনো অস্তিত্ব বর্তমানে নেই। ফেডারেশনের এই অজুহাত নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে মোহনবাগান। তাদের স্পষ্ট বক্তব্য, “কমিটির চেয়ারম্যান পদত্যাগ করলে নতুন কমিটি কেন গঠন করা হয়নি? নতুন কমিটি গড়ার দায়িত্ব তো ফেডারেশনেরই। এর দায় কেন মোহনবাগান বহন করবে? অহেতুক কেন একটি ক্লাবকে ভুগতে হবে?”ফেডারেশনের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে এবং নিজেদের সমস্যার কোনো সমাধান না হওয়ায়, শেষমেশ ক্লাবটি প্রতিকার চেয়ে সরাসরি ফিফাকে চিঠি দেয়। সেই চিঠির জবাব দিয়েই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, তারা দ্রুত এই চুক্তির বিষয়টি মীমাংসা করতে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করবে।







