ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল লিভারপুল। ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে ১৫০০ কোটি টাকায় দলে ভেড়াল সুইডিশ স্ট্রাইকার আলেকজ়ান্ডার ইসাককে। এর মাধ্যমে ভেঙে গেল চেলসির তৈরি রেকর্ড, যারা এর আগে এঞ্জো ফের্নান্দেসের জন্য খরচ করেছিল ১২৫০ কোটি টাকা। গত মরসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে লিভারপুল যে আরও আগ্রাসী হয়ে উঠবে, সেই ইঙ্গিতই মিলল এই সাইনিংয়ে।
নিউক্যাসল ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন ইসাক। গত মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করে দলকে ৫৬ বছরের ট্রফি খরা থেকে মুক্তি দিয়েছিলেন তিনি। লিগ কাপ ফাইনালে লিভারপুলকে হারানোর নায়কও ছিলেন ইসাক। সেই স্ট্রাইকারকেই এবার নিজের অস্ত্র বানাল আর্নে স্লটের দল। লাল জার্সি গায়ে চাপিয়ে ৯ নম্বর জার্সি নিয়ে ইসাক জানিয়ে দিয়েছেন, “লিভারপুলে আমি ইতিহাস গড়তে চাই। আমার লক্ষ্য ট্রফি জয়।”
এই ট্রান্সফারের পেছনে ছিল দীর্ঘ টানাপোড়েন। অগস্ট থেকে শুরু হয়েছিল লিভারপুল-নিউক্যাসল আলোচনার লড়াই। প্রথমে ১১০০ কোটি টাকার প্রস্তাবে রাজি হয়নি নিউক্যাসল। কিন্তু ইসাকের স্পষ্ট সিদ্ধান্ত—তিনি নতুন মরসুমে খেলবেন না। একসময় রিয়াল সোসাইদাদের হয়ে একা অনুশীলন শুরু করেন। সেই চাপে নতিস্বীকার করে নিউক্যাসল। শেষ পর্যন্ত ১৫০০ কোটি টাকায় সমঝোতা হয়।
চলতি মরসুমেই ফ্লোরিয়ান উইর্ৎজ়কে ১০০০ কোটি টাকায় কিনেছিল লিভারপুল। অর্থাৎ ইতিমধ্যেই ৪০০০ কোটি টাকার বেশি খরচ করেছে তারা। তবে এত বড় অঙ্কে ইসাককে দলে টেনে এনে শুধু শক্তিই নয়, মানসিক সুবিধাও অর্জন করল ক্লাব। কারণ, যে ফুটবলার এক বছর আগেই তাদের হারিয়েছিলেন, এবার সেই ইসাকই হয়ে উঠতে পারেন অ্যানফিল্ডের নতুন ত্রাণকর্তা।







