কলকাতার নতুন পুলিশ কমিশনার পদে এবার মনোজ ভার্মা। উল্লেখ্য, ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ। রাজ্য পুলিশের এডিজি পদে নিযুক্ত ছিলেন। এর পূর্বে, মনোজ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও সামলেছেন। কলকাতা পুলিশেই তিনি ডিসি ডিডি (স্পেশ্যাল), ডিসি (ট্র্যাফিক) পদেও ছিলেন। আজ বিকেলে নবান্নর তরহে জানানো হয়, মনোজ ভার্মাকেই কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হল।
প্রসঙ্গত, গতকালের দীর্ঘ বৈঠকের পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সরানো হবে কলকাতার পুলিশ কমিশনারকে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবী ছিল, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। মমতা বৈঠকে সেই দাবি মেনে নেন। তার মোতাবেক এই বদলি।
বিশেষভাবে উল্লেখ্য, ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মাকে আগে অশান্ত বিভিন্ন এলাকার দায়িত্বভার দেয় রাজ্য সরকার৷ অতীতে মাওবাদী দমনে জঙ্গলমহলে বৃহৎ ভূমিকা নিয়েছিলেন মনোজ ভার্মা। মাওবাদীরা সক্রিয় থাকার সময়ই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন তিনি। মাওবাদী নেতা কিষেনজির এনকাউন্টারের সময়ও কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের দায়িত্ব সামলেছেন মনোজ কুমার ভার্মা৷







