অরণ্য, রাজা, শিলাবতী, আমনা ও রামি আরও কত কী নাম, ওরা সবাই বিশ্বকর্মার বাহন। বিশ্বকর্মা পুজোয় ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হয়। হলও তাই। মহা ধুমধামে হল হাতি পুজো। পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা। এমনকী এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও সামিল হলেন হাতি পুজোয়।
জলপাইগুড়ি জেলার গরুমারা এলাকায় যে কুনকি হাতি রয়েছে, তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। পুজো দেওয়া হয় গরুমারা, ধুপঝোরা, রামসাই রাইনো ক্যাম্পের গেটে।ডুয়ার্সে একটু আলাদাভাবেই পালিত হল বিশ্বকর্মা পুজো। কোনও মূর্তি বা প্রতিমা পুজো নয়, বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এদিন। গরুমারা এলাকার কুনকি অর্থাৎ পোষ্য হাতিকে এদিন পুজো দেওয়া হল। গরুমারা রেঞ্জে প্রায় ২৮ টি হাতিকেও পূজা করা হয়। পুজোয় সামিল হয়েছিলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তি এলাকার গ্রামবাসীরাও। তাঁদের প্রার্থনা, ডুয়ার্সে হাতি-মানুষের সংঘাত যেন কমে যায়। হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয়, সেই প্রার্থনাও করলেন তাঁরা। দূরদূরান্তের পর্যটকরা ভিড় করে এই হাতি পূজায়। দূরদুরান্ত থেকে আগত পুজো দেখতে আসা মানুষরা নিজের হাতে আখ এবং বিভিন্ন কলা হাতিকে খাইয়ে দেয়।







