আদিবাসী নাবালিকাকে বাড়ির জানালা ভেঙে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে।লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা আদিবাসী নাবালিকার।ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুই থানা এলাকায়।
জানা গিয়েছে, ওই নাবালিকা এবার উচ্চ মাধ্যমিক দেবে।তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের সঙ্গে ওই নাবালিকার সম্পর্ক ছিল।কিন্তু ইদানীং সে সম্পর্কের অবনতি হয়। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে নাবালিকা। অভিযোগ, তারপর থেকেই ছাত্রীকে বিভিন্নভাবে হেনস্থা করত অভিযুক্ত।স্কুল-কোচিংয়ে পড়তে যাওয়াও বন্ধ করে দিয়েছিল নাবালিকা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার নিজের বাড়িতে দুই বোনের সাথে ঘুমোচ্ছিল ওই আদিবাসী নাবালিকা।অভিযোগ, সে সময়ে জানালা ভেঙে মেয়েকে তুলে নিয়ে যায় স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে। দুই বোন দেখতে পেয়ে চিত্কার শুরু করে। তখনই পরিবারের বাকি সদস্যরা জেগে যান।
রাতে খোঁজ করে নাবালিকাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তারপরই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই নাবালিকা। পরিবারের সদস্যরা তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করান। এখন সেখানেই চিকিত্সাধীন সে।







