ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে সামরিক তৎপরতা। প্রায় ২ হাজার মার্কিন মেরিন নিয়ে ইউএসএস ‘থিওডোর রুজভেল্ট’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ‘ম্যাকিন আইল্যান্ড’ মেরিন এক্সপেডিশনারি ফোর্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। মার্কিন এক কর্মকর্তার দাবি, এই মোতায়েনের ফলে ইরানকে ঘিরে আমেরিকার সামরিক উপস্থিতি আরও বাড়বে।
প্রতিবেদন অনুযায়ী, রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছাড়ার পরের দিন ম্যাকিন আইল্যান্ডও যাত্রা শুরু করে। এই নতুন মোতায়েন সম্পূর্ণ হলে মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী এবং দুটি উভচর ল্যান্ডিং গোষ্ঠী অবস্থান করবে বলে জানানো হয়েছে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে নির্দিষ্ট ইউনিটের গতিবিধি নিয়ে বিস্তারিত জানায়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এর মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, প্রায় ২৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার জলপথটি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনও বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনার কারণ এখনও তদন্ত করে দেখা হচ্ছে।
সব মিলিয়ে হরমুজকে ঘিরে সামরিক ও কূটনৈতিক—দুই দিকেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একদিকে ওয়াশিংটন সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, অন্যদিকে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়েও নানা বার্তা আসছে। ফলে আগামী দিনগুলিতে হরমুজ প্রণালির পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।







