আবহাওয়া

বিদায়ের আগে শেষ কামড়! ফেব্রুয়ারির উইকএন্ডে জাঁকিয়ে ঠান্ডা বাংলায়

ক্যালেন্ডার বলছে বসন্ত কাছেই, কিন্তু প্রকৃতি এখনও শীতের সঙ্গ ছাড়তে নারাজ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহান্তে ফের ঠান্ডার দাপটে মুড়তে চলেছে বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাসে খুশি শীতপ্রেমীরা—উইকএন্ডে রাত ও ভোরে স্পষ্টভাবে টের পাওয়া যাবে শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সাময়িকভাবে দুর্বল হওয়ায় তাপমাত্রা কিছুটা নেমেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালের দিকে শিশির ও হালকা কুয়াশা ঠান্ডার অনুভূতি আরও বাড়িয়ে দেবে।

এই মুহূর্তে রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় আগামী কয়েকদিন তুলনামূলকভাবে বেশি কুয়াশা দেখা যেতে পারে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পূর্ব ইরান ও সংলগ্ন আফগানিস্তান এলাকায় সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর-পূর্ব অসমে থাকা একটি ঘূর্ণাবর্ত রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তন ঘটাচ্ছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব আরবসাগর সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

তবে রবিবার, ৮ ফেব্রুয়ারি, রাজ্যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে ধীরে ধীরে শীতের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও গোটা উইকএন্ড জুড়েই আবহাওয়া থাকবে শুষ্ক এবং আকাশ মূলত পরিষ্কার।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৪২ থেকে ৮৯ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.