বিতর্ক যেন পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের। দিঘার জগন্নাথ মন্দিরে দর্শনের পর থেকেই রাজ্য রাজনীতিতে তুঙ্গে উত্তেজনা। আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলেরই একাংশ যখন তাঁর গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছে, তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন দিলীপবাবু।
তিনি সাফ জানিয়ে দেন—“দলে অপসংস্কৃতি ঢুকে পড়েছে। কেউ কেউ চান আমি সরে গেলে জায়গাটা খালি হবে। কিন্তু সেই জায়গা নেই। আমি যখন পার্টিতে এসেছি, তখনই এই দলের উত্থান শুরু হয়েছে। এখন যারা এসেছে, তারাই অবনতির কারণ।”
বিজেপিরই এক নেতার ইঙ্গিতে বলেন, “নিজের গতিপ্রকৃতি ঠিক নেই, আবার আমার গতি নিয়ে প্রশ্ন তোলে!” নাম না করে কটাক্ষ করেন আরও, “আমি খোলা মাঠে থাকি, সকাল-রাত মানুষের সঙ্গে। কেউ বিছানা পাল্টায়, কেউ উচ্ছিষ্ট খায়, তারাও আজ আমাকে ভোগী বলছে!”
এই বিস্ফোরক মন্তব্যের পেছনে রয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ, যিনি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছিলেন—“ত্যাগী থেকে ভোগী হওয়ার আদর্শ উদাহরণ আপনি, দিলীপবাবু!”
এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। স্পষ্ট বলেছেন, “ক্লোজ ডোর মিটিং হয়নি। বরং অনেকেই আছেন, যারা মুখ্যমন্ত্রীকে গোপনে ফোন করেন।”
বিজেপির অন্দরে যে চাপা বিদ্রোহ ও দ্বন্দ্ব রয়েছে, তা দিলীপ ঘোষের মন্তব্যে স্পষ্ট। এবার দেখার, এই লড়াই কতদূর গড়ায়।







