জেলাদেশ

সীমান্তে চাঞ্চল্য: হাসিনা সরকারের সেনা আধিকারিক ধরা পড়লেন বিএসএফের হাতে

সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ক্রমশ বাড়ছে। এবার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টে বিএসএফের হাতে পাকড়াও পড়লেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক ও হাসিনা সরকারের সময়কার সেনাবাহিনীর সচিব আফরুজ্জামান।

সূত্রের খবর, শনিবার রাতের ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি। ভারতের মাটিতে পা রাখতেই বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, আটক আফরুজ্জামান এক সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের এসিপি পদে দায়িত্বে ছিলেন। হাসিনা সরকারের পতনের পর বর্তমান প্রধানমন্ত্রী ইউনূস সরকারের হাত থেকে বাঁচতেই তিনি সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় আত্মগোপন করেছিলেন। অবশেষে, শনিবার রাতে প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে সীমান্ত পেরোনোর চেষ্টা করেন তিনি।

বিএসএফ সূত্রে খবর, আফরুজ্জামানের কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই সেগুলি রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাতেই বিএসএফ ও পুলিশ যৌথভাবে গোটা ঘটনার রিপোর্ট পাঠিয়েছে কলকাতায়। পাশাপাশি, ভারতের হাই কমিশনের তরফে বাংলাদেশ হাই কমিশনকেও জানানো হয়েছে।

বর্তমানে তাঁকে স্বরূপনগর থানায় রাখা হয়েছে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে আফরুজ্জামানকে। দুই দেশের হাই কমিশনের মধ্যে ইতিমধ্যেই তথ্য আদান-প্রদান শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, রাজনৈতিক প্রতিশোধ এড়িয়ে জীবন বাঁচাতেই ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি।

সীমান্তে এমন ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। দুই দেশের নিরাপত্তা মহলেও শুরু হয়েছে আলোড়ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.